মেসি-জাদুতে বার্সেলোনার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুবিন কাজানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় ম্যাচে চোটের কারণে প্রথম একাদশে থাকতে পারেননি মেসি। ৬০ মিনিটে ম্যাচেরানোর বদলি হিসেবে মাঠে নামলেও জয় এনে দিতে পারেননি দলকে। পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছিল কাতালানদের। চ্যাম্পিয়নস লিগের তৃতীয় ম্যাচে কোপেনহেগেনের বিপক্ষে যেন তারই শোধ তুললেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। তাঁর দুই গোলে নিজেদের মাঠে কোপেনহেগেনকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা।প্রথমার্ধে ১৯ মিনিটের মাথায় ইনিয়েস্তার পাস থেকে পেনাল্টি বক্সের বাইরে থেকে জোরালো শটে বার্সেলোনাকে প্রথম গোল এনে দেন মেসি। এরপর পুরো খেলায় বেশ কটি সুযোগ সৃষ্টি করলেও বারবার হতাশ হতে হয়েছে মেসি, ভিয়া ও ইনিয়েস্তাদের। শেষ বাঁশি বাজার কয়েক মিনিট আগে ন্যু ক্যাম্পকে আরেকবার আনন্দে ভাসান মেসি। এরিক আবিদালের কর্নার থেকে গোলপোস্টের সামনে একদম ফাঁকায় বল পেয়ে তা জালে জড়াতে একটুও ভুল করেননি তিনি। এ জয়ের ফলে তিন ম্যাচ শেষে চ্যাম্পিয়নস লিগের ‘ডি’ গ্রুপে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে কোপেনহেগেন।চ্যাম্পিয়নস লিগের অন্যান্য খেলায় জয় পেয়েছে দুই ইউরোপিয়ান পরাশক্তি—ম্যানচেস্টার ইউনাইটেড আর ইন্টার মিলান। পর্তুগিজ স্ট্রাইকার নানির একমাত্র গোলে বুরসাসপরকে হারিয়েছে ম্যান ইউ। অন্যদিকে টোটেনহামের বিপক্ষে জয় পেতে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে গতবারের চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে। ম্যাচটি তারা জিতেছে ৪-৩ গোলে।—সকারনেট