মেসি-জাদুতে শীর্ষে বার্সা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই উদ্যাপনই বলে দিচ্ছে গোলের জন্য কতটা তৃষিত ছিলেন লিওনেল মেসি। পরশু সেভিয়ার বিপক্ষে বার্সার চার গোলের দুটি করেছেন মেসি, বার্সাও উঠে গেছে পয়েন্ট তালিকার শীর্ষে । এএফপি
এই উদ্যাপনই বলে দিচ্ছে গোলের জন্য কতটা তৃষিত ছিলেন লিওনেল মেসি। পরশু সেভিয়ার বিপক্ষে বার্সার চার গোলের দুটি করেছেন মেসি, বার্সাও উঠে গেছে পয়েন্ট তালিকার শীর্ষে । এএফপি

বাইরে প্রশ্নটা বড় হচ্ছিল ক্রমেই। তবে বার্সেলোনার কোচ জেরার্ডো মার্টিনো ও সতীর্থরা সব সময়ই বলে আসছিলেন মেসি যে গোল পাচ্ছেন না, এতে দল উদ্বিগ্ন নয়। মেসির গোল পাওয়াটা সময়ের ব্যাপার মাত্র। যেকোনো মুহূর্তে জ্বলে উঠে গোল করতে শুরু করবেন মেসি।
সেই আস্থার প্রমাণ এবং সব প্রশ্ন-উদ্বেগ উপড়ে ফেলতে এমন একটা ম্যাচ বেছে নিলেন মেসি, প্রবল বৃষ্টিতে থইথই পানি জমা মাঠে যে ম্যাচ খেলাটাই ছিল কঠিন। লিগে টানা আট ম্যাচের গোল-খরা মেসি কাটিয়েছেন আগের ম্যাচেই। তবে গত সপ্তাহে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৩-২ গোলে হারা ম্যাচে মেসির গোলটা ছিল পেনাল্টি থেকে। কাজেই গত সেপ্টেম্বরের পর উন্মুক্ত খেলার গোল পেলেন পরশুই প্রথম। একটি নয়, দশম ম্যাচে এসে মেসি খরা কাটালেন জোড়া গোল করে। গোল করিয়েছেন সতীর্থকে দিয়েও। বৃষ্টিভেজা মাঠে মেসিময় ম্যাচটি ৪-১ গোলে জিতে আবার শীর্ষে উঠে গেছে বার্সেলোনা।
শীর্ষে ওঠাটা অবশ্য গোল ব্যবধানে এগিয়ে থাকায়। ২৩ ম্যাচ শেষে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ তিন দলেরই পয়েন্ট সমান ৫৭! গোল ব্যবধানে পর পর তিনটি স্থানে বার্সা, রিয়াল ও অ্যাটলেটিকো।
আগের ম্যাচে ভ্যালেন্সিয়ার কাছে হারের হতাশা তো ছিলই। রিয়াল-অ্যাটলেটিকোর তিন পয়েন্টে এগিয়ে যাওয়াটাও ছিল চাপ। বার্সার জন্য জয় পাওয়াটা ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস রেখেছিল শঙ্কায়। তার পরও খেলা যথাসময়ে হলেও সেভিয়ার এস্তাদিও র্যামন সানচেজে খেলার সঙ্গে পাল্লা দিয়ে চলে মুষলধারে বৃষ্টি। এর মধ্যে বার্সাকে হতবাক করে সেভিয়াই প্রথম এগিয়ে যায় আলবার্তো মরেনোর গোলে।
৩৪ মিনিটেই সমতা ফেরায় বার্সা। মেসির ফ্রি-কি থেকে অ্যালেক্সিস সানচেজের হেডে ১-১। গোলটি অফসাইড বলে অবশ্য বিতর্ক আছে। প্রথমার্ধেই শেষ দিকে মেসির অসাধারণ হাফভলিতে ২-১। বিরতির ১১ মিনিট পর আবারও উৎসবের মধ্যমণি মেসি। ইনিয়েস্তার বাড়ানো বলে তাঁর বাঁ পায়ের শট পোস্টে লেগে জালে। শেষ দিকে বার্সার শেষ গোলটি পেদ্রোর বদলি হিসেবে নামা সেস ফ্যাব্রিগাসের।
ম্যাচের পর কোচ মার্টিনো মেসির প্রশংসায় পঞ্চমুখ। মেসি তাঁর সমালোচকদের জবাব দিয়েছেন বলেই দাবি বার্সার আর্জেন্টাইন কোচের, ‘আমি সব সময়ই বলেছি, লিওকে একই রকম শ্রদ্ধা কর। আমি কখনোই ওকে নিয়ে চূড়ান্ত মন্তব্য করার ঝুঁকি নিই না।’ ম্যাচটা তাৎপর্যপূর্ণ ছিল ইনিয়েস্তার জন্যও। গত ৫ জানুয়ারি এলচের বিপক্ষে ম্যাচের পর এই প্রথম পুরো ৯০ মিনিট খেললেন। মাঝমাঠের সেরা খেলোয়াড়ও ছিলেন তিনি। কিন্তু তাঁর কণ্ঠেও মেসি-বন্দনা।
তিন দলের পয়েন্ট সমান। বার্সা কোচ এখন খুব সতর্ক, ‘আমরা এখন আবার শুরু করব। দেখা যাক তিন দলের মধ্যে কারা প্রথম ভুল করে। আশা করি, আবারও ভুলটা আমরাই করব না।’ এএফপি।