মেসি-জাদুতে শেষ আটে বার্সা
স্কোরলাইনে মিল নেই। বার্সেলোনা আর্সেনালের বিপক্ষে জিতেছে ৩-১ গোলে। আর শাখতার দোনেৎস্ক এএস রোমাকে উড়িয়ে দিয়েছে ৩-০ গোলে। বার্সেলোনার সঙ্গে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শেষ আটে উঠেছে শাখতার।পরশু চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ভিন্ন স্কোরলাইনের দুটি ম্যাচেও ছিল একটি মিল—দুটি ম্যাচেই পরাজিত দুই দলকে লম্বা একটা সময় খেলতে হয়েছে ১০ জন করে খেলোয়াড় নিয়ে। দ্বিতীয় হলুদ কার্ড দেখে আর্সেনালের ডাচ স্ট্রাইকার রবিন ফন পার্সি মাঠ ছেড়েছেন ৫৬ মিনিটে। আর রোমা একজন খেলোয়াড় কম নিয়ে খেলেছে শেষ ৫০ মিনিট।বার্সেলোনা-আর্সেনাল ম্যাচটি অনেককেই হয়তো মনে করিয়ে দিয়েছে গতবারের স্মৃতি। যেবার কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে মেসি একাই উড়িয়ে দিয়েছিলেন আর্সেনালকে। ৪টি গোলই করেছিলেন আর্জেন্টাইন তারকা। এবারও মেসি। তিন গোলের দুটিই করেছেন তিনি। দুই লেগ মিলিয়ে আর্সেনালকে ৪-৩-এ হারিয়ে শেষ আটে উঠে গেছে বার্সা।ধ্রুপদি ম্যাচ দেখার অপেক্ষায় ছিল সবাই। কিন্তু ম্যাচটি হলো একেবারেই একপেশে। আর্সেনালের গোলে বার্সেলোনার নেওয়া ১৯টি শটের বিপরীতে আর্সেনালের কোনো শট নিতে না-পারা এরই প্রমাণ। যে একটি গোল তারা পেয়েছে, সেটিও সার্জিও বুসকেটসের মাথা ছুঁয়ে আসা আত্মঘাতী হেডে।প্রথমার্ধ থেকেই আর্সেনালের ওপর খ্যাপার মতো ঝাঁপিয়ে পরে বার্সেলোনা। শুরুতেই কোণঠাসা করে ফেলে অতিথিদের। আর্সেনাল কিন্তু দারুণভাবে সামলে যাচ্ছিল তাদের রক্ষণ। প্রথম গোলটি পেতে প্রথমার্ধের শেষ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। গোল আসে মেসির পা থেকেই। উৎস ছিলেন দুর্দান্ত খেলা আন্দ্রেস ইনিয়েস্তা। কিন্তু ৫৩ মিনিটে বুসকেটসের সেই আত্মঘাতী গোল। ১-১-এ ড্র হলেও কোয়ার্টার ফাইনালে চলে যাবে আর্সেনাল। এই আতঙ্কে কাঁপতে থাকা ন্যু ক্যাম্পকে স্বস্তি এনে দেন জাভি। ৬৯ মিনিটে গোল করে। মেসি পেনাল্টি থেকে তাঁর দ্বিতীয় গোলটি করেন ৭১ মিনিটে।আরেকটা মেসিময় ম্যাচের পর আরেকবার মেসির স্তুতি করলেন বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা। গত মৌসুমে মেসি-জাদুতে হেরে যাওয়ার পর আর্সেনাল কোচ ওয়েঙ্গার বলেছিলেন, মেসি যেন প্লে-স্টেশনের খেলোয়াড়! এবার মেসিকে শংসায় ভাসাবেন কী, চরম বিরক্তি নিয়ে সমালোচনা করেছেন রেফারির, ‘আমরা ম্যাচে ফিরেছিলাম। হয়তো জিততামও। কিন্তু পার্সির লাল কার্ডটা সব এলোমেলো করে দিল। আমার মনে হয় না ও কার্ড পাওয়ার মতো অপরাধ করেছে। উয়েফা কর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারাও হতাশ।’ এএফপি, ওয়েবসাইট।