কে জিতবে ফিফা-ব্যালন ডি’অর? প্রতিবার বর্ষসেরা পুরস্কারের আগে এই আলোচনা জমে ওঠে। কিন্তু উত্তর মেলা ভার। তবে এবার প্রশ্নটার উত্তর সহজই। কে জিতবে সেটা তো জানাই—বার্সেলোনার কেউ!এবারের বর্ষসেরা পুরস্কারটি অনেক দিক দিয়েই অভিনব। এই প্রথম ফিফা আর ব্যালন ডি’অর দুই পুরস্কার যুক্ত হয়েছে। এই প্রথম একই যুব প্রকল্প থেকে উঠে আসা তিন খেলোয়াড় ঠাঁই পেয়েছেন সংক্ষিপ্ত তালিকায়। ফলে যে লিওনেল মেসি, জাভি কিংবা আন্দ্রেস ইনিয়েস্তা এত পরম বন্ধু আর সতীর্থ হয়ে ছিলেন, আজ তাঁরাই প্রতিদ্বন্দ্বী হিসেবে মুখোমুখি একে অন্যের!প্রতিদ্বন্দ্বী? মেসির কানে এই কথা তুললে স্বভাববিরুদ্ধ বকাঝকাই করে বসতে পারেন। কারণ সুযোগ থাকলে মেসি বর্ষসেরার লড়াই থেকে নিজের নাম কেটেই ফেলতেন। যেমন সুযোগ থাকলে তিনি পুরস্কারটি তুলে দিতেন জাভি-ইনিয়েস্তা দুজনকেই। বর্তমান বর্ষসেরা এই আর্জেন্টাইন ফরোয়ার্ড বারবার বলে আসছেন, এবারের বর্ষসেরা জাভি-ইনিয়েস্তা দুজনই। বছরের পারফরম্যান্স বিবেচনায় নিলে মেসিই ফেবারিট। ২০০৮-০৯ মৌসুমে ক্লাবের হয়ে ৫১ ম্যাচে ৩৮ গোল তাঁকে এনে দিয়েছিল এই পুরস্কার। পরের মৌসুমে মেসি তো আরও দুর্দান্ত। ২০০৯-১০ মৌসুমে ৫৩ ম্যাচে তাঁর গোল ৪৭টি। গোলসংখ্যায়, গোল করার হারের দিক দিয়ে শুধু গত মৌসুমেই নয়, মেসি ছিলেন গত ২০ বছরের সেরা। কেবল লিগেই ৩৪ গোল করেছেন মেসি। ইউরোপের সেরা পাঁচটি লিগ বিবেচনায় নিলে গত দুই দশকে লিগে সর্বাধিক গোলের যৌথ সর্বোচ্চ রেকর্ড। এর আগে এক মৌসুমে লিগে ৩৪ গোল করেছিলেন ব্রাজিলের রোনালদো, ইংল্যান্ডের অ্যালান শিয়ারার ও অ্যান্ডি কোল। কিন্তু ওই সময় লিগে ম্যাচসংখ্যা ছিল ৪২, মেসির সময় সেটি কমে এসেছে ৩৮-এ।তবে শুধু পরিসংখ্যানই এবার বিবেচ্য হবে না। কারণ গত বছরটা ছিল বিশ্বকাপেরও। বিশ্বকাপের বছরে ব্যালন ডি’অর জয়ীদের তালিকাটা দেখলেই বোঝা যাবে, এই টুর্নামেন্ট সেরা খেলোয়াড় বেছে নিতে কতটা প্রভাব ফেলেছে। ২০০৬ সালে বর্ষসেরা হয়েছিলেন ইতালির বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারো, ২০০২-এ ফাইনালে জোড়া গোল করা ব্রাজিলের রোনালদো, ১৯৯৮-এ ফ্রান্সের হয়ে ফাইনালে জোড়া গোল করা জিনেদিন জিদান। ১৯৯৪-এ বিশ্বকাপের যৌথ সর্বোচ্চ গোলদাতা রিস্টো স্টয়চকভ। ১৯৯০-এ জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথাউস।আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে একটি গোলও করতে না পারা, কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ধরাশায়ী হওয়া মেসির তাই এবার সুযোগ কম বলেই মনে হচ্ছে।বিশ্বকাপই বিবেচনায় এলে ফেবারিট হয়ে যাচ্ছেন ফাইনালে সেই ঐতিহাসিক গোল করা ইনিয়েস্তা। যদিও ইনিয়েস্তার জন্য মৌসুমের পুরোটাই এত সুখের ছিল না। ইনজুরিতে জর্জর ছিলেন। ২০০৯-১০ মৌসুমে লিগে গোল করেছেন মাত্র ১টি। ইনিয়েস্তাকে ফিফা-ব্যালন ডি’অরের সবচেয়ে ফেবারিট ধরার পেছনে কোনো যুক্তি যেমন খুঁজে পান না হোসে মরিনহো।সব মিলে বেশির ভাগ ফুটবল বোদ্ধার ফেবারিট তাই জাভি। স্পেনের প্রথম বিশ্বকাপ জয়ের মূল কারিগর ছিলেন মাঝমাঠের এই কাণ্ডারি। নকআউট পর্বে পর্তুগাল ও জার্মানির বিপক্ষে ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন। সব মিলে বিশ্বকাপে ৬৬৯-এর মধ্যে ৫৪৪টি সম্পন্ন পাস দিয়েছেন। নিখুঁত পাসের হার ৮১ শতাংশ! ক্লাব ফুটবলেও গোল-কারিগর হিসেবেও জাভি ছিলেন দুর্দান্ত। ২০১০ সালে তাঁর সম্পন্ন পাসের সংখ্যা ছিল ২৭০৪টি!কিন্তু এতেও উত্তর মিলবে না কে হচ্ছেন বর্ষসেরা। আর কয়েক ঘণ্টা একটু ধৈর্য ধরুন।