মেসি জুনিয়রের সঙ্গে চুক্তি!
‘মেসি জুনিয়র’ থিয়াগো পৃথিবীর আলো দেখেছে এক সপ্তাহ আগে। বড় হয়ে ও বাবার মতো ফুটবলার হতে পারবে কি না, কে জানে! তবে এরই মধ্যে এই নবজাতককে চুক্তিবদ্ধ করেছে আর্জেন্টাইন ফুটবল ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজ।বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়েছে, মেসির দাদা জর্জের সহায়তায় গতকাল বৃহস্পতিবার থিয়াগোর সঙ্গে নিউয়েলসের চুক্তি হয়। চুক্তির বিস্তারিত জানা যায়নি। মেসি নিজেও নিজের শহরের এই ক্লাবটির ভক্ত। গত ২ নভেম্বর বার্সেলোনার ন্যু ক্যাম্প স্টেডিয়ামের ৭০০ মিটার দূরের ডেক্সাস হাসপাতালে লিওনেল মেসির বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জোর কোলজুড়ে আসে থিয়াগো। বাবা হওয়ার অনুভূতির কথা মেসি ফেসবুকের পাতায় জানান এভাবে, ‘আমার ছেলে জন্ম নিয়েছে। আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ঈশ্বরকে এমন উপহারের জন্য ধন্যবাদ। আমাকে সমর্থন দেওয়ার জন্য আমার পরিবারকেও ধন্যবাদ। সবাইকে অনেক ধন্যবাদ।’মেসির বাবার হওয়ার আগে এ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। গত এপ্রিলের মাঝামাঝিতে আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করে, রোকুজ্জো অন্তঃসত্ত্বা। খবরটি ছড়ায় মেসি-রোকুজ্জোর শহর রোজারিও থেকেই। একটি রেডিও স্টেশন থেকে প্রথম খবরটা শোনা যায়। বিভিন্ন গণমাধ্যম পরে খবরটি নিশ্চিত করে। মেসি বা রোকুজ্জো কেউই অবশ্য তখন মুখ খোলেননি। প্রায় দুই মাস নীরব থাকার পর মুখ খোলেন মেসি। নিশ্চিত করেন, গুঞ্জনটা মিথ্যে নয়। সত্যিই বাবা হতে চলেছেন তিনি। কেবল বাবা হওয়ার খবর প্রকাশ নয়, সন্তানটা যে ছেলে হবে, সেটাও লুকিয়ে রাখেননি মেসি। এক মাস আগে আর্জেন্টিনার একটি রেডিও স্টেশন খবর প্রচার করে, বাবা হয়েছেন মেসি। খবরটা শুনেই মেসিকে অভিনন্দন বার্তা পাঠাতে থাকেন ভক্তরা। তবে খবরটি মিথ্যে উল্লেখ করে মেসির গড়া দাতব্য সংস্থার ফেসবুক পাতায় জানায়, ভক্তদের অভিনন্দন বার্তা পেয়ে মেসি ও তাঁর পরিবার আনন্দিত। কিন্তু সত্যি হলো, লিওর বাবা হওয়ার খবরটি পুরোপুরি মিথ্যা।২০০৯ সাল থেকে একসঙ্গে আছেন মেসি ও রোকুজ্জো। একবার খবর ছড়িয়েছিল, ভ্যালেন্সিয়ার কাছে ইবিজা দ্বীপে গোপনে বিয়েটা সেরে ফেলেছেন দুজন। পরে দুই পরিবারই সেটা উড়িয়ে দিয়েছিল।