মেসি জুনিয়রকে স্বাগত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোজারিওর হসপিতাল ইতালিয়ানো গ্যারিবল্ডির নামও ঠাঁই পেয়েছে ইতিহাসের পাতায়। বার্সেলোনার ইউএসপি ডেক্সিউস হাসপাতালের সেই সৌভাগ্য হবে কি না, তা বলে দেবে সময়। ১৯৮৭ সালে রোজারিও গ্যারিবল্ডি হাসপাতালে জন্মেছেন লিওনেল মেসি। গত শুক্রবার স্থানীয় সময় বিকেলে পৃথিবীর আলো দেখল থিয়াগো। মেসির প্রথম সন্তান। পুরো নাম থিয়াগো মেসি রোকুজ্জো। শুধু বাবার বিখ্যাত নাম-পদবি নয়, মেসির ছেলে পেয়েছে মায়ের নামের অংশও। আন্তোনেল্লা রোকুজ্জো মেসির শৈশবের প্রেম। সেই ভালোবাসারই ফসল ফুটফুটে এক ‘দেবশিশু’।বাবা তাঁর পায়ের জাদুতে পুরো বিশ্বকে রহস্যের জালে বন্দী করে রেখেছেন। থিয়াগোও জন্মের সময় থেকেই রহস্য জমিয়ে তুলেছে। সে কবে জন্মাবে এটা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল খবরের ছড়াছড়ি। মাঝখানে খবর এল থিয়াগো জন্মেছে। একটা ছবিও ছড়িয়ে পড়ল ইন্টারনেটে। কিন্তু পরে জানা গেল, না, সেই ছবি ভুয়া। গত ২০ অক্টোবর দেপোর্তিভো লা করুনিয়া ম্যাচে বার্সাকে উদ্ধার করা এক হ্যাটট্রিক করে মেসি হাসপাতালে ছুটে গিয়েছিলেন। তখন আরেকবার জানা গিয়েছিল থিয়াগো আসছে। কিন্তু শেষ পর্যন্ত অনেককেই ধাঁধায় ফেলে দিয়ে সুতীব্র চিৎকারে মেসি-তনয় নিজের আগমন ঘোষণা করল পরশু।মেসি নিজেই ফেসবুকে নিজের পৃষ্ঠায় এই সুখবর দিয়েছেন, ‘আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমার ছেলে আজ জন্মেছে। ঈশ্বরকে ধন্যবাদ, এই অসামান্য উপহারটির জন্য।’ সতীর্থরা শুভেচ্ছাও জানিয়েছেন। গত বছর কন্যাসন্তানের বাবা হওয়া আন্দ্রেস ইনিয়েস্তা যেমন তাঁর টুইটারে লিখেছেন, ‘লিও ও আন্তোনেল্লার জন্য অনেক ভালোবাসা...সবকিছু ভালোভাবেই হয়েছে বলে আমিও খুশি।’সন্তানকে স্বাগত জানাতে ছুটে যান বলে শুক্রবার দলের অনুশীলনে থাকা হয়নি। অবশ্য গতকাল সেল্টা ভিগোর বিপক্ষে ঠিকই খেলেছেন মেসি। যদিও ম্যাচে তাঁর মনের ইচ্ছা পূরণ হয়নি। ছেলেকে স্বাগত জানাতে চেয়েছিলেন গোল করে। কিন্তু পুঁচকে সেল্টা ভিগোর বিপক্ষে মেসি গোল পাননি। তবে তাঁর দল বার্সেলোনা জয় পেয়েছে ঠিকই। নিজেদের মাঠে বার্সাকে ৩-১ গোলের জয় এনে দিয়েছেন আদ্রিয়ানো, ডেভিড ভিয়া ও জর্ডি আলবা। ওয়েবসাইট।