মেসি-জ্বর নেই কলকাতাতেও
শুধু বাংলাদেশ নয়, মেসি-জ্বর সেভাবে আক্রান্ত করতে পারছে না কলকাতার দর্শকদেরও। বাংলাদেশে আসার আগে ২ সেপ্টেম্বর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার সঙ্গে খেলবে আর্জেন্টিনা। ওই ম্যাচের অনলাইন টিকিট বিক্রিতে মোটামুটি সাড়া পাওয়া গেলেও কাউন্টারে টিকিট বিকোচ্ছে না খুব একটা। কলকাতা টেলিগ্রাফ দিয়েছে এই খবর।এক লাখ ৩০ হাজার দর্শকের ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামে খেলা। ফলে টিকিটও ছাড়া হয়েছে অনেক। কিন্তু কাউন্টারে টিকিট বিক্রিতে তেমন সাড়া নেই। অনলাইনে যাঁরা টিকিট কিনছেন, তাঁরাও কলকাতার বাইরের। ফলে মেসিদের নিয়ে এখনো কলকাতাবাসীর মধ্যে সেই কৌতূহল দেখা যাচ্ছে না। তবে আয়োজকেরা আশাবাদী। ভারতীয় ফুটবল সংস্থার সঙ্গে যৌথভাবে ম্যাচের আয়োজন করছে যারা, সেই সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপের নির্বাহী পরিচালক ভাস্বর গোস্বামী বলেছেন, ‘ম্যাচের টিকিট অনলাইনেই ভালো বিক্রি হচ্ছে। তবে যত দিন ঘনিয়ে আসবে, প্রচার-প্রচারণা যত বেশি হবে, ততই মোহামেডান স্পোর্টিং মাঠের কাউন্টারগুলোতে টিকিট বিক্রি বাড়বে বলে আমরা আশাবাদী।’ভাস্বর আরও জানিয়েছেন, ‘যেসব টিকিট বিক্রি হয়েছে, এর ৬০ শতাংশই কলকাতার বাইরে। বিশেষ করে, দক্ষিণ ভারতে টিকিটের চাহিদা বেশি। সিঙ্গাপুরসহ অন্যান্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থেকেও টিকিট কিনছেন অনেকে। এমনকি বাংলাদেশ থেকেও অনলাইনে টিকিট কিনছেন কেউ কেউ।’আয়োজকেরা বলেছেন, ৭০০ এবং দুই হাজার ৪৭০ রুপি দামের টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। কিন্তু এক হাজার, দুই হাজার, দুই হাজার ৫০০, তিন হাজার ৫০০ এবং পাঁচ হাজার ১২০ রুপি দামের টিকিট এখনো আছে। ওয়েবসাইট।