মেসি-ঝলকে শিরোপার সুবাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো কখনো ম্যাচের মতোই আকর্ষণ থাকে ডাগ-আউটে। যদি সেই ডাগ-আউটে বসে থাকে লিওনেল মেসির মতো নাম। বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের মতো পরশু বার্সা-বেটিস ম্যাচেও একই ঘটনা। দুই দল যখন মাঠে নামছে, ক্যামেরায় ডাগ-আউটে বসা

মেসি। বার্সেলোনা গোল হজম করলে ক্যামেরার চোখ খুঁজে ফেরে ডাগ-আউটের মেসিকে। ডেভিড ভিয়ার গোল মিসের মহড়ায় ক্যামেরা খুব কাছ থেকে দেখায় মেসির মুখ।সেই ভিয়ার বদলি হিসেবেই যখন মাঠে নামলেন, গোটা ন্যু ক্যাম্প যেন গর্জে উঠল। তিন মিনিটের মধ্যে দারুণ এক ফ্রি-কিকে গোল করে মেসি বুঝিয়ে দিলেন, কেন তাঁকে খুঁজে ফেরে ক্যামেরা। কেন তাঁর প্রতি সমর্থকদের এত ভালোবাসা, এত আস্থা। পরে গোল করেছেন আরও একটি। বার্সা জিতেছে ৪-২ গোলে। শিরোপা থেকে দূরত্ব এখন মাত্র ২ পয়েন্ট।তবে ওই ২ পয়েন্ট বা পরের ম্যাচের জন্য অপেক্ষা করতে না-ও হতে পারে বার্সাকে। আগামীকাল মালাগার বিপক্ষে রিয়াল মাদ্রিদ পয়েন্ট হারালেই নিশ্চিত হয়ে যাবে শিরোপা। আর রিয়াল জিতে গেলে বার্সাকেও পরের ম্যাচে জিততে হবে। ৩৪ ম্যাচে ৮৮ পয়েন্ট বার্সার, রিয়ালের ৭৭। বার্সার পরের ম্যাচ রোববার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে।বুধবারই শিরোপা নিশ্চিত হয়ে গেলে অবশ্য টিটো ভিলানোভা বার্সার উদ্যাপনের অংশ হতে পারবেন না। ক্যানসারের চিকিৎসার জন্য গতকালই নিউইয়র্ক চলে গেছেন বার্সার কোচ। ফিরবেন বৃহস্পতিবার। ভিলানোভা অবশ্য বুধবারই শিরোপা জয়ের আশা খুব একটা করছেন না, ‘আমাদের আরও ২ পয়েন্টের কথাই ভাবতে হবে, কারণ মাদ্রিদ সম্ভবত সব পয়েন্টই পাবে।’ন্যু ক্যাম্পে পরশু দু-দুবার পিছিয়ে পড়েছিল বার্সা। প্রথমবার সমতা আনেন সানচেজ। ৫৬ মিনিটে ভিয়ার গোলে ২-২ হওয়ার পর ৫৯ ও ৭১ মিনিটে মেসির ওই দুই গোল। হ্যাটট্রিকও হতে পারত। ফ্রি-কিক ফিরেছে ক্রসবারে লেগে, দুবার তাঁকে বঞ্চিত করেছেন বেটিস গোলকিপার আদ্রিয়ান। হ্যাটট্রিক না হলেও টানা গোল করার রেকর্ডটিকে ২১ ম্যাচে নিয়ে গেলেন মেসি। গত মৌসুমে তাঁর নিজেরই গড়া লিগে ৫০ গোলের রেকর্ড ছুঁতে বাকি চার ম্যাচে চাই আর ৪ গোল।মেসি-ঝলকে আরেকটি জয় শিরোপার সুবাস এনে দেওয়ার পাশাপাশি আরেকবার প্রমাণ করেছে বার্সার অতি মেসিনির্ভরতাও। সানচেজের কণ্ঠে সেই কৃতজ্ঞতা, ‘মেসি নামলেই দলের চেহারা পাল্টে যায়, আমাদের এককাট্টা হয়ে খেলার অনুপ্রেরণা জোগায়।’ ভিলানোভাও সুযোগ পেলেন বায়ার্নের বিপক্ষে মেসিকে বসিয়ে রাখার সমালোচনার জবাব দেওয়ার, ‘এভাবে যদি ওকে না সামলাতাম, তাহলে হয়তো আজ বেটিসের বিপক্ষে নেমে আমাদের জেতাতে পারত না। ওর ফিটনেসে ঘাটতি আছে, কারণ গত দেড় মাসে খুব একটা ট্রেনিং করেনি।’ এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।