মেসি ঠেকানোর দাওয়াই আছে জার্মানির

আর্জেন্টিনা-হল্যান্ডের সেমিফাইনালটি এখন নিশ্চয়ই বারবার দেখছে জার্মান শিবির। বিশেষত ডাচ খেলোয়াড়েরা যেভাবে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে আটকে রেখেছিলেন, সেই জায়গাগুলো। কারণ এখান থেকেই মেসিকে বেঁধে রাখার কৌশল রপ্ত করছে জার্মানরা।হল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে খুব বেশি জ্বলে উঠতে পারেননি মেসি। ডাচ ডিফেন্ডারদের কড়া মার্কিংয়ের কারণে বেশ নিষ্ক্রিয়ই হয়ে ছিলেন এ সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। খেলার একেবারে শেষ দিকে ম্যাক্সি রদ্রিগেজের দিকে দারুণভাবে বল বাড়িয়েছিলেন। পুরো ম্যাচে এমন মুহূর্ত খুব বেশি দেখা যায়নি। এবার জার্মানিও হয়তো ফাইনালে মেসি-বধের দাওয়াই হিসেবে প্রয়োগ করতে যাচ্ছে হল্যান্ডের কৌশলগুলো। এমন ইঙ্গিতই দিয়েছেন জার্মানির সহকারী কোচ হানসি ফ্লিক, ‘দলের সবাই সেমিফাইনালটি খুব মজা নিয়ে দেখেছি। আর অবশ্যই আমরা দেখেছি যে হল্যান্ড কীভাবে মেসিকে আটকে রেখেছিল।’
তবে সেই কাজটা কীভাবে করা হবে, সে ব্যাপারে কিছু বলেননি ফ্লিক, ‘আমরা আর্জেন্টিনার বিপক্ষে অতীতে অনেক ম্যাচই খেলেছি। আমাদেরও একটা পরিকল্পনা আছে। কিন্তু সেগুলো এখন আপনাদের কাছে বলতে চাই না।’
মেসিকে আটকানোর দায়িত্ব হয়তো অনেকখানি বর্তাবে রাইট ব্যাক বেনেডিক্ট হুভেডেসের কাঁধে। পর্তুগালের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে এই হুভেডেসই আটকে রেখেছিলেন এ সময়ের আরেক সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে। তবে ওয়ান-অন-ওয়ান মার্কিং দিয়ে না, দলগতভাবেই মেসিকে আটকানোর পরিকল্পনা করছে জার্মানি। ফ্লিক বলেছেন, ‘মেসি খুবই দারুণ খেলোয়াড়। এ সময়ের অন্যতম সেরা। তার বিপক্ষে আমাদের দলগতভাবে কাজ করতে হবে। ওয়ান-অন-ওয়ান মার্কিং দিয়ে আমরা তাকে হারাতে পারব না। আমরা যদি একটা দল হিসেবে খেলতে পারি, তাহলে মেসির মতো ভালো খেলোয়াড়কেও অনেক কঠিন সময়ের মুখোমুখি হতে হবে।’— রয়টার্স।