মেসি-তেভেজ ‘দুঃখিত’
অ্যাগুয়েরো আগামী কিছুদিন বেশ খাতির পাবেন কোচ বাতিস্তার কাছ থেকে। কারণ, কোপা আমেরিকার প্রথম খেলাতেই যে মস্ত বিপর্যয়ের হাত থেকে আর্জেন্টিনাকে বাঁচিয়েছেন তিনি। ‘বিপর্যয়’ শব্দটি ব্যবহার করা হল আর্জেন্টিনার দৃষ্টিকোণ থেকে। বলিভিয়ার কাছে হেরে গেলে দেশের মাটিতে অনুষ্ঠানরত কোপার শুরুটাই বিপর্যয়কর হতো আর্জেন্টিনার জন্য। না হলে কিন্তু বলিভিয়া জয়ের জন্য এই ম্যাচে ছিল ভালো রকম ফেবারিট।লাপাজে দুই বছর আগে বিশ্বকাপ বাছাইপর্বে এই বলিভিয়ার কাছেই ৬-১ গোলে হেরে যাওয়ার তাও একটা অজুহাত ছিল, উচ্চতা। ভূপৃষ্ঠ থেকে তিন হাজার ফুট ওপরে খেলতে কেবল আর্জেন্টিনাই নয়, বিশ্বের অনেক বাঘা বাঘা দলই খাবি খায়। কিন্তু, কালকের ড্রয়ের পেছনে কি যুক্তি তুলে ধরা যায়। আপাতত কোনো যুক্তি-তর্কে না গিয়ে আর্জেন্টিনার খেলোয়াড়েরা স্বীকার করেছেন, ম্যাচটা মোটেও ভালো খেলেননি তাঁরা।বার্সেলোনার হয়ে বিশ্ব মাতানো প্লে-মেকার লিওনেল মেসিও হতাশ কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে পয়েন্ট হারানোয়। তিনি বলেছেন, ‘বলিভিয়া ম্যান টু ম্যান মার্কিংয়ের পদ্ধতি অনুসরণ করে খেলেছে। তারা আমাদের একেবারে বোতলবন্দী করে রেখেছিল। কোনো সুযোগই তৈরি করতে দেয়নি তারা।’‘ব্যাপারটি কিন্তু আমাদের প্রত্যাশিত ছিল না।’ খারাপ খেলার দায়টা এভাবেই স্বীকার করলেন বার্সেলোনার হয়ে গত মৌসুমে ৫০ এর বেশি গোল করা এই তারকা।মেসি আরও বলেছেন, ‘প্রথম ম্যাচ থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছুই রয়েছে। আমরা এখন বসে বের করব, কোথায় আমাদের গলদগুলো ছিল।’তবে উদ্বোধনী ম্যাচে পয়েন্ট হারানোর পরেও নিজেদের মাথা ঠান্ডা রাখতেই হবে বলে মনে করেন মেসি। ‘আমাদের এ মুহূর্তে মাথা ঠান্ডা রাখতে হবে।’ মেসির মন্তব্য। তিনি আরও বলেন, ‘এটা সত্যি যে আমরা ম্যাচটা প্রত্যাশানুযায়ী খেলতে পারিনি। তবে ভুল-ত্রুটিগুলো শুধরে নিয়ে আমাদের পরের ম্যাচগুলোর দিকে তাতাতে হবে।’মেসির মতো প্রথম ম্যাচে পয়েন্ট হারানোয় দুঃখিত আরেক প্লে-মেকার কার্লোস তেভেজ। তাঁর মতে, ‘আমরা যদি ১৮ বছরের কোপা-ক্ষুধা মেটাতে চাই, তাহলে আমাদের অবশ্যই আরও ভালো খেলতে হবে। তাঁর মতে, ‘এবারের কোপা আমেরিকা প্রতিযোগিতা কিন্তু একেবারে সহজ হবে না।’তেভেজ বলেন, ‘বলিভিয়ার বিপক্ষে ড্রটা আমাদের ক্ষতি করেছে, তবে এটা নিয়ে পড়ে না থেকে আমাদের পরের ম্যাচগুলোর দিকে তাকাতে হবে। না হলে কিন্তু আর্জেন্টিনার কপালে সত্যিই দুঃখ আছে।’ ওয়েবসাইট।