মেসি-তেভেজে ঝামেলা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার হয়ে ইউরোপ জয় করে বাড়ি ফিরেছেন লিওনেল মেসি। এজেইজা বিমানবন্দরে আগে থেইে ভিড় করেছিলেন সাংবাদিক আর আলোকচিত্রীরা। মেসি বিমানবন্দরে পা ফেলতেই পড়েছেন সাংবাদিক-আলোকচিত্রীদের জটলায়।আর্জেন্টাইন তারকা কৌতূহল মিটিয়েছেন। বার্সেলোনা, ইউরোপ জয়ের কথা বলেছেন, আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জেতানোর স্বপ্নের কথা বলেছেন।আর্জেন্টিনায় আগামী ১ জুলাই শুরু হবে এবারের কোপা আমেরিকা। দক্ষিণ আমেরিকার ফুটবল-শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নিতেই আর্জেন্টিনা পৌঁছেছেন মেসি। বলিভিয়ার বিপক্ষে ১ জুলাই শুরু অভিযানটা মেসি শেষ করতে চান ২৪ জুলাইয়ের ফাইনাল জিতে, ‘বার্সেলোনার হয়ে সবকিছু জয়ের সৌভাগ্য আমার হয়েছে। ব্যক্তিগত অনেক পুরস্কারও জিতেছি। এবার লক্ষ্য, আর্জেন্টিনার হয়ে কিছু জেতা।’ এই কিছু জয়ের শুরু যে কোপা আমেরিকা দিয়েই করতে চান, মেসি অনেক আগে থেকেই বলে আসছেন। ১৯৭৮ ও ১৯৮৬ দুটি বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। তবে ১৯৯৩ সালে ইকুয়েডরে কোপা আমেরিকা জয়ের পর আর কোনো বড় শিরোপা জেতা হয়নি আর্জেন্টিনার। এবার এই খরা কাটাতে মরিয়া মেসিরা। কোচ বাতিস্তা এই লক্ষ্য পূরণের জন্য কাজও শুরু করে দিয়েছেন।২৬ সদস্যের প্রাথমিক দল বাছাই করে ফেলেছেন বাতিস্তা। প্রাথমিক এই দলে আছেন ম্যানচেস্টার সিটি মাতিয়ে আসা কার্লোস তেভেজও। প্রায় এক বছর পর আর্জেন্টিনা দলে সুযোগ পেলেন ম্যান সিটির স্ট্রাইকার। দিমিতার বারবেতভের সঙ্গে যৌথভাবে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পর তেভেজের দলে থাকাই উচিত। তবে এর পরও তেভেজের দলে থাকাটা একটা খবর। খবর এ কারণেই, অনেকেরই ধারণা ছিল তেভেজকে কোপার দলে রাখবেন না বাতিস্তা। গুঞ্জন ছিল অনেক। কেউ কেউ ধারণা করছিলেন, গত বছর ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে না চাওয়াই কাল হবে তেভেজের জন্য। কারণ ওই ঘটনার পর থেকেই বাতিস্তার দলে আর ডাক পাননি ‘কার্লিতোস’। কেউ আবার মেসির সঙ্গে তেভেজের ‘ঝামেলা’ও আবিষ্কার করেছেন!মেসি অবশ্য ঝামেলার কথা ফুঁ দিয়েই উড়িয়ে দিয়েছেন। বুয়েনস এইরেসে নেমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ ডাবলজয়ী মেসি বলেছেন, ‘কার্লিতোসও বলেছে, তার সঙ্গে আমার ঝামেলা নেই। আপনারা (সাংবাদিক) তো আমার সঙ্গে তেভেজ, ডিয়েগো (ম্যারাডোনা), (হুয়ান রোমান) রিকেলমের সঙ্গে ঝামেলার কথা লিখেছেন। কিন্তু কারও সঙ্গেই আমার কোনো ঝামেলা নেই। কখনো হবেও না।’ রয়টার্স, ওয়েবসাইট।