মেসি-নক্ষত্রের অনেক দূরে হ্যাজার্ড

‘ওদের আছে মেসি, আমাদের আছে এডেন হ্যাজার্ড’—বেলজিয়ামে এটা এখন অতি জনপ্রিয় এক স্লোগান। জনতা যখন স্লোগান তোলে, দল অনুপ্রাণিত হয়। মহামতি মেসির আর্জেন্টিনার সামনে দাঁড়ানোর আগে বেলজিয়াম দলের এমন প্রেরণার দরকার আছে বৈকি! তবে হ্যাজার্ড পা মাটিতেই রাখছেন। বেলজিয়ামের প্রধান সেনানি বলে দিয়েছেন, তিনি এখনো লিওনেল মেসির মানের নন।
এ পর্যন্ত চার ম্যাচে চারটি অসাধারণ গোল করে ও একটি করিয়ে জাদুর নমুনা দেখিয়েছেন মেসি। কিন্তু হ্যাজার্ড ‘নতুনের কেতন’ উড়িয়ে কয়েক পা এগিয়েছেন মাত্র। চেলসির মাঝমাঠ কাঁপানো হ্যাজার্ডকে ঠিক নবীন বলা যাবে না। তাই বলে মেসির সঙ্গে তুলনা! হ্যাজার্ড নিজেই আলোচনাটা থামিয়ে দিয়েছেন, ‘মেসি আমার চেয়ে ১০ গুণ ভালো। মেসির সঙ্গে আমার তুলনা বন্ধ করা উচিত। আমাদের শুধু আশা করতে হবে, তার যেন একটি খারাপ দিন যায়।’
ফ্রেঞ্চ ক্লাব লিলের হয়ে ঔজ্জ্বল্য ছড়িয়ে চেলসিতে গিয়েই নিজের জাত চিনিয়েছেন হ্যাজার্ড। বিশ্বকাপের আগে শেষ হওয়া মৌসুমে ছিলেন দারুণ উজ্জ্বল। মূলত উইঙ্গার হয়েও ৩৫ ম্যাচে করেছেন ১৪ গোল, পেয়েছেন প্রিমিয়ার লিগের বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার। প্রতিভা নিয়ে সংশয় নেই। সামর্থ্যকে পারফরম্যান্সে অনূদিত করতে পারা নিয়ে ছিল প্রশ্ন। বিশেষ করে জাতীয় দলের হয়ে তো ম্রিয়মাণ হ্যাজার্ডকেই দেখেছে সবাই! এবার যেন তাই পণ করেই বিশ্বকাপে এসেছিলেন, দেশের হয়ে ঔজ্জ্বল্য ছড়াবেন।
বিশ্বকাপে এখনো গোলের স্বাদ পাননি। আলজেরিয়া ও রাশিয়ার বিপক্ষে জয়সূচক গোলে অবদান রেখেছেন মাত্র। পরিসংখ্যান জানাচ্ছে, মেসি, সানচেজ এবং ডি মারিয়াই শুধু হ্যাজার্ডের চেয়ে বেশি সফল ড্রিবলিং করতে পেরেছেন। তাঁকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে বেলজিয়ামের আক্রমণভাগ। গতি-স্কিল দিয়ে ভড়কে দিচ্ছেন প্রতিপক্ষের রক্ষণকে। এতেই ‘বেলজিয়ামের মেসি’ হয়ে বসে আছেন।
মাত্র ২৩ বছর বয়সেই কাঁধজোড়ায় পাহাড়সমান চাপ জেঁকে বসেছে। সেই চাপেই কিনা, প্রথম ম্যাচে ঠিক স্বচ্ছন্দ মনে হয়নি হ্যাজার্ডকে। তবে টুর্নামেন্ট যত এগোচ্ছে, হ্যাজার্ডও যেন বিকশিত হচ্ছেন। নিজেদের ফিরে পাচ্ছে বেলজিয়ামও। কিন্তু হ্যাজার্ডের ভয় অন্য জায়গায়, ‘মেসির জন্যও তো দারুণ দিন আসতে পারে। করে বসতে পারেন ৩ গোল!’
টুর্নামেন্টে প্রথমবারের মতো অপেক্ষাকৃত শক্তিশালী দলের মুখোমুখি ‘কালো ঘোড়া’রা। তারকা হ্যাজার্ড মুখোমুখি মহাতারকা লিওনেল মেসির। মেসিতে যেমন নির্ভরতা আর্জেন্টিনার, বেলজিয়ামের জন্য তেমনটাই হ্যাজার্ড। দেখা যাক, আসল মেসিকে ছাড়িয়ে যেতে পারেন কি না তাঁর ক্লোন? তথ্যসূত্র: গোলডটকম।