মেসি, না নেইমার?

গত কয়েক বছরে ক্লাব ফুটবলে বড় বিতর্ক—কে সেরা? লিওনেল মেসি, নাকি ক্রিস্টিয়ানো রোনালদো? বিশ্বকাপে এসে বিতর্কে কিছুটা পরিবর্তন এসেছে। এখন প্রশ্ন, কে সেরা—মেসি, নাকি নেইমার?
ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারির উত্তর এখনই দিতে না চাইলেও আর্জেন্টিনা অধিনায়কের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। কোচের প্রশংসা পেয়েছেন নেইমারও।
বিশ্বকাপের প্রথম পর্বে মেসি-নেইমারের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই বিতর্কটা সামনে চলে এসেছে। দুজনের তুলনা প্রসঙ্গে ব্রাজিল কোচের মন্তব্য, ‘মেসি অসাধারণ খেলোয়াড়! বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।’
এর আগে ব্রাজিল কিংবদন্তি রোনালদোও বলেছিলেন, ‘মেসিই সেরা।’
রোনালদোর অভিমত প্রসঙ্গে স্কলারি বললেন, ‘এটি রোনালদোর মতামত। আমাদের সেটি সম্মান করতে হবে। তবে আমার ব্যক্তিগত অভিমত, এ বিষয়ে বলব ১০-১৫ বছরের মধ্যে। এখন এ ব্যাপারে কিছু বলতে পারব না।’
ব্রাজিল অধিনায়ক থিয়াগো সিলভা বলেন, ‘মেসি অন্যতম সেরা স্ট্রাইকার। তবে নেইমারও দুরন্ত গতিতে ছুটছে। সে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হবে। এটি নির্ভর করছে বিশ্বকাপে কোথায় আমরা থামব, এর ওপর। মেসি আজ যেখানে, সেখানে পৌঁছাতেই ছুটছে নেইমার। সন্দেহ নেই মেসি অন্যতম সেরা। নেইমারও একদিন হবে।’ রয়টার্স