মেসি-নামা
পুরো নাম লিওনেল আন্দ্রেস মেসি। জন্ম ২৪ জুন, ১৯৮৭, সান্তা ফের রোজারিওতে। বাবা হোর্হে হোরেসিও মেসি স্টিল কোম্পানি আসিন্দারের কর্মকর্তা ছিলেন, মা সিলিয়া মারিয়া খণ্ডকালীন পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। বড় দুই ভাই রদ্রিগো ও মাতিয়াস, বোন মারিয়া সোল। ৫ বছর বয়সে স্থানীয় ক্লাব গ্রান্দোলির হয়ে খেলা শুরু, ক্লাবের কোচ ছিলেন মেসির বাবা। ১৯৯৫ সালে যোগ দেন রোজারিওর ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজে। শৈশবে হরমোন সমস্যায় শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। রিভারপ্লেট স্কাউটদের নজরে পড়েছিলেন, কিন্তু মেসির চিকিৎ সার খরচ বহন করার সামর্থ্য ছিল না ক্লাবটির। কাতালুনিয়ার লেইডায় বসবাসরত আত্মীয়ের মাধ্যমে মেসির প্রতিভার পরিচয় পায় বার্সেলোনার স্পোর্টিং ডিরেক্টর কার্লেস রিসাচ। তাঁর চিকিৎ সার সব খরচ বহন করে বার্সা। শর্ত অনুযায়ী ১৩ বছর বয়সী মেসি বাবাকে নিয়ে স্পেনে পাড়ি জমান স্পেনে, ভর্তি হন বার্সার বিখ্যাত একাডেমিতে। বার্সায় অভিষেক ১৬ বছর ১৪৫ দিন বয়সে, পোর্তোর বিপক্ষে প্রীতি ম্যাচে। ১৭ বছর ১১৪ দিন বয়সে লা লিগায় অভিষেক সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে। ১৭ বছর ১০ মাস ৭ দিন বয়সে ক্লাবের হয়ে প্রথম গোল করে লা লিগায় সর্বকনিষ্ঠ গোল স্কোরারের রেকর্ড গড়েন। দুটি রেকর্ডই পরে ভেঙে দিয়েছেন বোজান কিরকিচ। আর্জেন্টিনার হয়ে প্রথম মাঠে নামা ২০০৪ সালে, অনূর্ধ্ব-২০ দলের প্যারাগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে। আর্জেন্টিনার হয়ে ফিফা যুব বিশ্বকাপ জয় ২০০৫ সালে। ২০০৫ সালের ১৭ আগস্ট হাঙ্গেরির বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে অভিষেক আর্জেন্টিনা জাতীয় দলে। ৬৩ মিনিটে মাঠে নামলেন বদলি হিসেবে, মাঠে স্থায়িত্ব হলো ২ মিনিট। প্রতিপক্ষের ডিফেন্ডারকে ঢুস মারার অভিযোগে পেলেন লাল কার্ড। স্পেনের নাগরিকত্ব পেলেন ২০০৫ সালের ২৬ সেপ্টেম্বর। খেলতে পারতেন স্পেনের হয়েও, কিন্তু বেছে নিলেন জন্মভূমিকেই। আর্জেন্টিনার জার্সিতে প্রথম গোল ২০০৬ সালের ১ মার্চ, ক্রোয়েশিয়ার বিপক্ষে। ২০০৬ বিশ্বকাপে মাঠে নেমেই গড়লেন আর্জেন্টিনার হয়ে সবচেয়ে কম বয়সে বিশ্বকাপ খেলার রেকর্ড। বার্সার প্রথম একাদশে নিয়মিত হন ২০০৬-০৭ মৌসুমে, এল ক্লাসিকোয় হ্যাটট্রিকসহ ২৬ ম্যাচে করেন ১৪ গোল। ২০০৮ বেইজিং অলিম্পিকে সোনা জিতলেন আর্জেন্টিনার হয়ে। ২০০৯ সালের ২৮ মার্চ আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি গায়ে প্রথম মাঠে নামলেন ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। আর্জেন্টিনা কোচ হিসেবে সেটাই ছিল ম্যারাডোনার প্রথম ম্যাচ। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য ২০০৭ সালে প্রতিষ্ঠা করেন লিও মেসি ফাউন্ডেশন। ইউনিসেফের শুভেচ্ছাদূত মনোনীত হন ২০১০ সালে। জার্মান ক্রীড়াপণ্য প্রস্তুতকারী কোম্পানি অ্যাডিডাস তাঁর মূল স্পনসর। টাইম ম্যাগাজিন-এর ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় ঠাঁই পেয়েছেন গত এপ্রিলে। মেসির দুই জ্ঞাতি ভাইও ফুটবল খেলেন। প্যারাগুয়ের ক্লাব অলিম্পিয়াতে খেলেন ম্যাক্সি, স্পেনের দ্বিতীয় বিভাগের দল গিরোনা এফসিতে এমানুয়েল বিয়ানচুচি।স্বীকৃতিফিফা বর্ষসেরা ফুটবলার ২০০৯ফিফা-ব্যালন ডি’অর ২০১০ব্যালন ডি’অর ২০০৯ইউরোপিয়ান গোল্ডেন শু ২০০৯উয়েফা বর্ষসেরা ক্লাব ফুটবলার ২০০৯ফিফপ্রো বর্ষসেরা ফুটবলার ২০০৯, ২০১০ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ২০০৫-এর গোল্ডেন শু ও গোল্ডেন বল বিজয়ীআর্জেন্টিনার বর্ষসেরা ফুটবলার ২০০৫, ২০০৭, ২০০৮, ২০০৯, ২০১০বার্সেলোনার হয়ে ৫টি লা লিগা ও লিগ কাপ জয়, ৩টি চ্যাম্পিয়নস লিগ, ২টি উয়েফা সুপার কাপ, ১টি কোপা ডেল রে ও ১টি বিশ্ব ক্লাব কাপ জয়*আছে ছোট-বড় আরও অসংখ্য অর্জন।