মেসি নেই, আর্জেন্টিনাও নেই!
নাইজেরিয়ার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর পরশু পোল্যান্ডের কাছেও হারল আর্জেন্টিনা। এবার অবশ্য ন্যূনতম ব্যবধান। কিন্তু আর্জেন্টিনার মতো দলের হারটাই তো বড় খবর। ওয়ারশতে হওয়া প্রীতি ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার হারটা ছিল ২-১ গোলে।নাইজেরিয়ার কাছে হারের পর আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি হুলিও গ্রন্ডোনা কোচ বাতিস্তাকে একপ্রকার হুমকিই দিয়েছিলেন। ‘জাতীয় দলের মানসম্মান এভাবে ধুলোয় মেশাতে পারে না সে। নাইজেরিয়ার সেরা দলের সঙ্গে এমন খেলা কাম্য নয়’—বলেছিলেন তিনি। গ্রন্ডোনার হুমকিকে পাত্তা না দিয়ে পরশু পোল্যান্ডের বিপক্ষেও পরীক্ষামূলক অনভিজ্ঞ দল মাঠে নামান বাতিস্তা।যেকোনো কোচেরই এটা করার অধিকার আছে। বিপত্তিটা সেখানে নয়, বিপত্তি আসলে আর্জেন্টিনার মতো ‘ফুটবল পরাশক্তি’র পর পর দুই ম্যাচে হেরে যাওয়া। এর ওপর আবার নাইজেরিয়ার কাছে হেরে যাওয়া ম্যাচ নিয়ে ধূমায়িত হয়েছে পাতানো খেলার গুঞ্জন। এটি নিয়ে তদন্তে নেমে পড়েছে ফিফা। যদিও আর্জেন্টিনা এবং নাইজেরিয়া দুই পক্ষ থেকেই ম্যাচ পাতানোর অভিযোগ অস্বীকার করা হয়েছে।নাইজেরিয়ার কাছে পরাজয় নিয়ে ফুটবল-বিশ্বে যখন পাতানো ম্যাচের ধোঁয়াশা, টানা দুটি পরাজয় নিয়ে আর্জেন্টিনায় তখন ভাসছে অন্য প্রশ্ন—পরীক্ষা-নিরীক্ষা চালাতে গিয়ে প্রস্তুতি ম্যাচগুলো এভাবে হারতে থাকলে কোপা আমেরিকার আগে দলের মানসিক অবস্থা কী হবে?নাইজেরিয়ার কাছে হেরে যাওয়া ম্যাচের দল থেকে বাতিস্তা ৭ জনকে বদলেছেন পোল্যান্ড ম্যাচে। তবু কি আর্জেন্টিনা দলটিকে চেনা যাচ্ছিল? লিওনেল মেসি, কার্লোস তেভেজ, অ্যাঙ্গেল ডি মারিয়া—আক্রমণভাগে এঁদের কেউ নেই। পোল্যান্ড-রক্ষণেও তাই আর্জেন্টিনাকে ওভাবে খুঁজে পাওয়া যায়নি। আকাশি-নীলের আক্রমণভাগে ৮ ম্যাচ খেলা জোনাথন ক্রিস্টাল্ডো ও ৬ ম্যাচ খেলা পাবলো পিয়াত্তির সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিষিক্ত মার্কো রুবেন।মিয়াজেওস্কির গোলে পিছিয়ে পড়া আর্জেন্টিনাকে অভিষেকেই গোল করে সমতায় ফেরান রুবেন। তবে পোলিশ-রক্ষণে এর পর আর হুল ফোটাতে পারেননি। বরং ব্রোজেচের ৬৭ মিনিটের গোল পরাজয় উপহার দেয় আর্জেন্টিনাকে। আগামী মাসে আর্জেন্টিনাতেই হবে কোপা আমেরিকা। টুর্নামেন্টটা জিততে চান মেসি-বাতিস্তা। এর আগে প্রস্তুতিটা ভালো হচ্ছে কই! এএফপি, ওয়েবসাইট।