মেসি-নেইমার জুটিতে মুগ্ধ মার্টিনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডের বিপক্ষে এই ম্যাচেই বার্সেলোনার জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন নেইমার। ছবি: রয়টার্স
থাইল্যান্ডের বিপক্ষে এই ম্যাচেই বার্সেলোনার জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন নেইমার। ছবি: রয়টার্স

বার্সেলোনার মেসি-নেইমার জুটি নিয়ে প্রথম থেকেই সন্দিহান ছিলেন ইয়োহান ক্রুইফ। সম্প্রতি সেটা আবারও মনে করিয়ে দিয়েছেন এই ডাচ কিংবদন্তি। তাঁর মতে, মেসি-নেইমারকে আরও কয়েক বছর পর একসঙ্গে করলেই ফলটা ভালো পাওয়া যেত। যদিও মাঠের পারফরম্যান্স আপাতত স্বস্তি দিতে পারে বার্সার সাবেক এই খেলোয়াড় ও কোচকে। গতকালই থাইল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে একসঙ্গে মাঠে নেমে বাজিমাত করেছেন এ সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার। মেসির দুইটি ও নেইমারের একটি গোলের সুবাদে বার্সেলোনা পেয়েছে ৭-১ ব্যবধানের বড় জয়।

মেসি-নেইমার জুটির কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ দূরে থাক, দুজনের জুগলবন্দি দেখে রীতিমতো মুগ্ধ হয়ে গেছেন কোচ জেরার্ডো মার্টিনো। গতকাল বার্সেলোনার প্রথম একাদশে খেলেছেন নেইমার। আর সুযোগটা পেয়ে বার্সার জার্সিতে প্রথম গোলটাও করে ফেলেছেন। কাতালানদের গোল উত্সবের শুরুটা করেছেন নেইমারই। সেস ফেব্রিগাসের বাড়ানো বল থেকে ম্যাচের প্রথম গোলটি করেছেন ২১ বছর বয়সী এই স্ট্রাইকার।

পুরো ম্যাচে দুই তারকার সমন্বয় দেখে মুগ্ধতাই প্রকাশ করেছেন বার্সার নতুন কোচ মার্টিনো, ‘নেইমার আর লিওর সংযোগটা পুরো ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার ছিল। আমরা যতটা আশা করেছিলাম, তারা ততটাই ভালো খেলেছে। তাদের নিজেদের মধ্যে সমন্বয়টা খুবই দারুণ। অন্য খেলোয়াড়দের সঙ্গেও তাদের বোঝাপড়াটা খুব ভালো ছিল।’

থাইল্যান্ডের মতো দলের বিপক্ষে ৭-১ ব্যবধানের জয়টা প্রত্যাশিতই ছিল। তাই এটা নিয়ে খুব বেশি উচ্চবাচ্য করেননি মার্টিনো। তবে শিষ্যদের আক্রমণাত্মক খেলার ধরনে খুবই সন্তুষ্ট এই আর্জেন্টাইন কোচ, ‘বল দখলের লড়াইয়ে আমরা অনেক ইতিবাচকতা দেখিয়েছি। আমরা আক্রমণও করেছি খুব দ্রুততার সঙ্গে। আর এটাই আমাকে খুব আনন্দ দিয়েছে। অনেক বেশি গোল করার চেয়ে এটাই বেশি উত্সাহজনক ব্যাপার।’

তবে রক্ষণভাগ নিয়ে বার্সেলোনার পুরোনো সমস্যাটা এখনো রয়েই গেছে। দলের রক্ষণভাগের অন্যতম প্রধান খেলোয়াড় কার্লোস পুয়োলও মাঠের বাইরে আছেন ইনজুরির কারণে। মার্টিনোর কপালে চিন্তার ছায়াও সেটা নিয়েই। উদ্বেগটা প্রকাশই করে ফেলেছেন তিনি, ‘এই মুহূর্তে আমি বেশি উদ্বিগ্ন পুয়োলের সুস্থতা নিয়ে।’

রক্ষণভাগের শক্তিমত্তা বাড়াতে চেলসির ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইজের দিকে হাত বাড়িয়েছে বার্সেলোনা। তাঁকে পেলে নিশ্চয়ই কিছুটা হাঁফ ছেড়েই বাঁচবেন মার্টিনো। তার আগ পর্যন্ত পুয়োলের ওপরই তো অনেকাংশে নির্ভর করতে হবে তাঁকে।