মেসি-নেইমার নন, ওজিল-রোনালদো!

লিওনেল মেসি আর নেইমার! কী দুর্দান্ত এক জুটিই না দেখা যাচ্ছে বার্সেলোনার সৌজন্যে। এ সময়ের সেরা ফুটবলারদের দুজন লড়ছেন কাঁধ মিলিয়ে! এ যেন স্বপ্নের মতো এক জুটি ফুটবলপ্রেমীদের জন্য। কিন্তু এটাই এ সময়ের সেরা জুটি, তা নিশ্চয়ই মানতে রাজি নন অনেকে। তাঁদের একজন সার্জিও রামোস। রিয়াল মাদ্রিদের রক্ষণসেনানীর কথা, মেসি-নেইমার জুটির চেয়ে অনেক ভালো রোনালদো-ওজিল জুটি।
ইএসপিএনকে রামোস অবশ্য একটা ব্যাখ্যাও দিয়েছেন। অন্য দলের খেলোয়াড়দের ভালো বলতে যাবেন কোন দুঃখে! তার ওপর সেই দলটা যদি হয় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা! রামোসের বক্তব্য, ‘নেইমার আর মেসি? আমার কাছে বরং ক্রিস্টিয়ানো, ওজিল ও ইসকোকেই বেশি ভালো মনে হয়; এখানে মাদ্রিদে যারা খেলে। কারোরই কোনো সন্দেহ নেই, মেসি-নেইমার দুর্দান্ত খেলোয়াড়। তবে আমার কাছে তাদেরই বেশি ভালো লাগে, যারা আমার দলে খেলে।’
আর এই সতীর্থদের নিয়েই নতুন পথে যাত্রা করতে চান রামোস, ভুলতে চান গত মৌসুমের তিক্ত স্বাদ, ‘নতুন কোচ, নতুন খেলোয়াড়দের নিয়ে এটা আমাদের জন্য নতুন যুগের সূচনা। আমরা সবাই রোমাঞ্চিত। সাফল্যের ব্যাপারে আশাবাদী।’