মেসি-নেইমার পুনর্মিলনের সম্ভাবনা উড়িয়ে দিল পিএসজি

মেসির সঙ্গে আবার এক ক্লাবে খেলতে চান নেইমার।ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনায় লিওনেল মেসির চুক্তির শেষ বছর চলছে। ন্যু ক্যাম্পের ক্লাবটির সঙ্গে আর্জেন্টাইন ফরোয়ার্ডের নতুন চুক্তি নিয়ে কোনো আলোচনাও শুরু হয়নি। ইউরোপের ফুটবল আকাশে প্রশ্ন উড়ছে—মেসি কি তাহলে চলতি মৌসুম শেষে ন্যু ক্যাম্প ছাড়তে যাচ্ছেন? এই প্রশ্নের সঙ্গেই আসছে সম্পূরক একটি প্রশ্নও—তাহলে কোন ক্লাব পাবে ফ্রি এজেন্ট হয়ে পড়া সময়ের অন্যতম সেরা ফুটবলারকে?

নেইমার গত সপ্তাহে ছোট্ট একটি কথা বলে আলোচনার মোড়টা ঘুরিয়ে দিয়েছেন। পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেছিলেন, মেসির সঙ্গে আবার একই দলে খেলার ইচ্ছা তাঁর। আর এই ইচ্ছা নাকি শিগগিরই পূরণ হতে পারে! নেইমারের এই কথার পরই ফুটবল বিশ্বে আলোচনার ঝড় উঠেছে। বেশির ভাগ মানুষই ধরে নিচ্ছে, মেসির পরবর্তী ঠিকানা প্যারিস, পিএসজিতে নাম লেখাবেন তিনি!

তবে মেসি-নেইমারের পুনর্মিলনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন পিএসজির ক্রীড়া পরিচালক লিওনার্দো। ব্রাজিলের সাবেক ফুটবলার বলেছেন, ‌‘না-না, বিষয়টি তেমন কিছু নয়। এটা হয়তো আপনারা বুঝতে পারবেন যে নেইমারের পক্ষে আর্জেন্টিনার একজন সাংবাদিককে এটা বলাটাই স্বাভাবিক। মেসির সঙ্গে পুনর্মিলন নিয়ে কথা উঠলে ওকে তো এমন কিছুই বলতে হবে। এটাই স্বাভাবিক।’

পিএসজির ব্রাজিলিয়ান তারকা নেইমার।
ছবি : রয়টার্স

বার্সেলোনায় একসঙ্গে চার বছর খেলেছেন মেসি-নেইমার। দুজনের মধ্যে বন্ধুত্বও বেশ ভালো। নেইমার ২০১৭ সালে পিএসজিতে নাম লেখানোর পর কয়েকবারই তাঁর আবার বার্সেলোনায় ফিরে যাওয়ার গুঞ্জন উঠেছিল। এমনও শোনা গেছে, মেসি ন্যু ক্যাম্পে নেইমারকে নিতে উঠেপড়ে লেগেছিলেন। বার্সার নেইমারকে পিএসজি থেকে ফিরিয়ে আনতে না পারায় ক্লাব কর্তাদের ওপর মেসি চটেছিলেন বলেও জনশ্রুতি আছে।

নেইমার তো মেসির সঙ্গে আবার একই দলে খেলতে চাইতেই পারেন। কিন্তু মৌসুমের মাঝপথে পিএসজি কোনো খেলোয়াড়ের দলবদল নিয়ে ভাবছে না বলেই জানালেন লিওনার্দো, ‘অন্যদের প্রতি শ্রদ্ধা দেখানো বজায় রাখতে হবে আমাদের। সে (মেসি) বার্সেলোনার খেলোয়াড়। কেউ যখন আমাদের কোনো খেলোয়াড়কে নিয়ে এমন কথা বলে, আমরা ভালোভাবে নিই না। আমরাও তাই অন্য কোনো দলের খেলোয়াড় নিয়ে এমন টানাহেঁচড়া করতে পারি না।’

বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি।
ছবি : রয়টার্স

মৌসুমের এই মাঝপথে খেলোয়াড় বিকিকিনি নিয়ে কথা না বলে পিএসজি নিজেদের খেলার দিকেই মনোযোগ দিচ্ছে বলে জানালেন লিওনার্দো, ‘মৌসুমের এই সময়ে এসব নিয়ে কথা বলার সময়ও নয়। আমাদের যে স্কোয়াড আছে আমরা সেটা নিয়ে খুশি। আমরা নিজেদের খেলা নিয়ে ভাবছি। বিশেষ করে মৌসুমের প্রথম ভাগটা নিয়ে চিন্তাভাবনা করছি, যেটা খুব জটিল ছিল।’

মেসির প্রসঙ্গটি ধরে দলের খেলোয়াড়দের হয়তো একটা পরামর্শও দিয়ে রাখলেন, ‌‘আমাদের উচিত হবে নিজেদের লক্ষ্যে মনোযোগী থাকা। এই মুহূর্তে আমাদের লক্ষ্য হচ্ছে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে জায়গা করে নেওয়া। একই সঙ্গে আমাদের লিগ ওয়ান নিয়ে ভাবতে হবে। খেয়াল রাখতে হবে কোনো প্রতিযোগিতাতেই যেন আমরা জটিল পরিস্থিতিতে না পড়ে যাই।’

মেসির পিএসজিতে আসার সম্ভাবনা দেখছেন না লিওনের্দো।
ছবি : টুইটার

লিওনার্দোর আগে পিএসজির সভাপতি নাসের আল-খেলাইফিও নেইমার-মেসির পুনর্মিলনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। মেসির দলবদলের প্রসঙ্গ থেকে নিজেকে দূরে রাখারই চেষ্টা করছেন আরব ধনকুবের। বার্সেলোনার কোচ রোনাল্ড কোমানও বিষয়টি উড়িয়ে দেওয়ারই চেষ্টা করেছেন এর আগে।