মেসি-নেইমার ফাইনাল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই বিশ্বকাপের ফাইনাল কি দেখতে চলেছে মেসি-নেইমার দ্বৈরথ?
এই বিশ্বকাপের ফাইনাল কি দেখতে চলেছে মেসি-নেইমার দ্বৈরথ?

মেসি না নেইমার? কে খেলবেন মারাকানার ফাইনালে? কে-ই বা বিশ্বকাপের মঞ্চে চূড়ান্তভাবে প্রমাণ করবেন নিজের শ্রেষ্ঠত্ব? দুজনেই যদি ফাইনালে একে অন্যের মুখোমুখি হন, তাহলে কেমন হয় বলুন তো! অসম্ভব তো কিছুই নয়। দুদলই যদি নিজেদের পরবর্তী ধাপগুলো পেরিয়ে আসতে পারে, তাহলে ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল এবার দেখেই ফেলতে পারে ফুটবল-বিশ্ব। সেটা যদি সত্যিই হয়ে যায়, তাহলে এই প্রজন্ম সাক্ষী থাকবে বিশ্ব ফুটবলের এক কালজয়ী অধ্যায়ের।
লড়াইটা তো কেবল ব্রাজিল-আর্জেন্টিনারই নয়। লড়াইটা এই মুহূর্তে বিশ্ব ফুটবলের দুই আলোচিত তারকারও। মেসি আর নেইমার। দুজনেই নিজ নিজ দলের মূল চালিকাশক্তি। তিন ম্যাচ খেলে চার গোল করে দুজনেই লড়াই চালাচ্ছেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার। বার্সেলোনার এই দুই সতীর্থ ধারণ করে চলেছেন নিজ নিজ দলের বিশ্বকাপ স্বপ্ন।
নেইমারের এটি প্রথম বিশ্বকাপ হলেও ঘরের মাটিতে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের ৬৪ বছরের পুরোনো আরাধ্য স্বপ্ন পূরণের দায়িত্বটা তাঁর কাঁধেই ন্যস্ত। ওদিকে ২৭ বছরেই সব সাফল্য ছুঁয়ে ফেলা মেসির অর্জনের খাতায় বাকি কেবল ওই ১৮ ক্যারেটের ট্রফিটাই। ‘সর্বকালের সেরা’ তকমাটা নামের সঙ্গে জুড়ে নেওয়ার এটাই হয়তো শেষ সুযোগ আর্জেন্টাইন ফুটবল জাদুকরের। বিশ্বকাপ জয়ের জন্য এবার তাই নিজের পুরোটা দিয়েই লড়ছেন চারবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। বিশ্বকাপ ফাইনাল যদি এই দুই স্বপ্ন-সারথীর শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চ হয়, তার থেকে আনন্দের কিছু আর কী হতে পারে ফুটবল রোমান্টিকদের জন্য?
এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা আর মেসির খেলা হয়ে গেছে সমার্থক। ব্রাজিল দলে নেইমারের ভূমিকাও অনেকটা তেমনই। বিশ্বকাপে ৮৪ বছরের ইতিহাসে যা কোনো দিন হয়নি, সেই ঘটনাটাই যদি ১৩ জুলাই ঘটে যায়, তাহলে এবারের বিশ্বকাপ পাবে ভিন্ন মাত্রাই।
তাহলে আর কী, প্রার্থনাটা চলুক! এমন কিছু কেবল প্রার্থনা দিয়েই আদায় করতে হয়।