মেসি-নেইমার মিলে ‘বোমা’
এই যে এত কাঠখড় পুড়িয়ে নেইমারকে বার্সেলোনায় নিয়ে আসা, এটা কিন্তু পছন্দ হয়নি ইয়োহান ক্রুইফের। বার্সার আজীবন সদস্য ও সাম্মানিক সভাপতি তাই প্রকাশ্যেই সিদ্ধান্তটির সমালোচনা করছেন। অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হওয়ার ভয় থেকে কিছুদিন আগে তো বলেই বসেছেন, যেহেতু নেইমারকে নিয়ে আসা হয়েছে, এখন তাহলে মেসিকে বিক্রি করে দেওয়া হোক! ভাগ্যিস, বার্সেলোনার অন্য সবাই তাঁর মতো ভাবছেন না। মেসি-নেইমারের যুগলবন্দী দেখার সুযোগ তাহলে আর হতো না।ক্রুইফের মতো সংশয়বাদী তো ননই, বরং নেইমারকে বার্সেলোনায় পেয়ে উচ্ছ্বসিত তাঁর হবু সতীর্থরা। ফাইনালে ব্রাজিলের কাছে হেরেও সেই উচ্ছ্বাসের কথা জানাতে ভোলেননি ডিফেন্ডার জেরার্ড পিকে। কাল তাঁর সঙ্গে সুর মেলালেন আরেক বার্সেলোনা তারকা ও ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজও। আগামী মৌসুমে এই দুজনের জুটি অপ্রতিরোধ্য হয়ে উঠবে বলেই বিশ্বাস তাঁর, ‘পরের মৌসুমে ওরা হবে বোমা। বার্সেলোনায় আসার জন্য আমি তাঁকে অনেক জোরাজুরি করেছি, কারণ আমি জানি, সে কী দারুণ ফুটবলার!’ ব্রাজিল ও আর্জেন্টিনার এই দুই মহাতারকার একসঙ্গে খেলতে কোনো সমস্যা হবে না বলেও মনে করেন আলভেস, ‘দুজনের মধ্যে সম্পর্কটা খুবই ইতিবাচক। মেসির সঙ্গে খেলতে পেরে নেইমার খুব খুশি।’ ওয়েবসাইট।