মেসি-নেইমারকে ছুঁয়ে ফেললেন মুলার

২০১০ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেই সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছিলেন টমাস মুলার। এবারও গোল্ডেন বুট জয়ের দৌড়ে দারুণভাবেই এগিয়ে যাচ্ছেন এই জার্মান ফরোয়ার্ড। পর্তুগালের বিপক্ষে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করার পর আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও একটি গোল করেছেন ২৪ বছর বয়সী এই ফুটবলার।
গতকাল পর্যন্ত চার গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার ও আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫৫ মিনিটের মাথায় গোল করে তাদেরকে ছুঁয়ে ফেলেছেন মুলার।
একদিক দিয়ে অবশ্য মুলার ও নেইমারকে পেছনে ফেলে দিয়েছেন মেসি। আর্জেন্টিনার তিনটি ম্যাচেই গোল করেছেন এসময়ের অন্যতম সেরা এই ফুটবলার। অন্যদিকে একটি ম্যাচে কোনো গোল পাননি মুলার ও নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দুই ম্যাচে করেছেন দুইটি করে গোল। অন্যদিকে এবারের বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকটি করার পর আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে আরেকটি গোল করেছেন মুলার।