মেসি নেই। নেই নেইমারও। এর সঙ্গে যোগ করতে পারেন চোটের কারণে মাস খানেক ধরে দলের বাইরে থাকা ভিক্টর ভালদেসের নামটাও। কোচ জেরার্ডো মার্টিনো কি কিছুটা চিন্তিত? যদি হয়েও থাকেন সেটা প্রকাশ করবেন না কখনো। লড়াইয়ে নামার আগে প্রতিপক্ষকে নিজের দুর্বলতা জানিয়ে দিতে চায় কে!
সাদা চোখে মনে হতে পারে একই সঙ্গে মেসি-নেইমার না থাকায় বুঝি শক্তি কমে গেল বার্সেলোনার। যদিও আজকের ম্যাচের প্রতিপক্ষ গেটাফের মিডফিল্ডার আঙ্গেল লাফিতা ভাবছেন অন্য রকম, ‘হ্যাঁ, ওরা বিশ্বসেরা দুজন খেলোয়াড়কে পাচ্ছে না আজ। কিন্তু পেদ্রো, ফ্যাব্রিগাস আর অ্যালেক্সিসের মতো বিকল্প আছে ওদের। এরা যে কেউ মেসি-নেইমারের জায়গা নেওয়ার মতো।’ তার মানে বার্সা সমর্থকদের চিন্তার কিছু নেই?
বিপরীত চিত্র রিয়াল মাদ্রিদে। চোটের কারণে গ্যারেথ বেল আর নিষেধাজ্ঞার কারণে ক্রিস্টিয়ানো রোনালদো খেলতে পারেননি গত বুধবার কোপা দেল রেতে। আজ মেসতালা স্টেডিয়ামে ভ্যালেন্সিয়ার বিপক্ষেও বেল খেলবেন না, তবে ফিরছেন রোনালদো। সঙ্গে সুসংবাদ, ওসাসুনার বিপক্ষে লাল কার্ড পাওয়া সার্জিও রামোস রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে জিতেছেন। তার মানে আজ একাদশে থাকছেন তিনিও। ওসাসুনার সঙ্গে ২-২ ড্র করে পয়েন্ট হারানো রিয়াল আজ তাই চাইবে ঘুরে দাঁড়াতে।
সব ধরনের প্রতিযোগিতায় সর্বশেষ চার ম্যাচে জেতা বার্সেলোনার চ্যালেঞ্জ অবশ্য ঘুরে দাঁড়ানো নয়, মেসি-নেইমারকে ছাড়াও এই ফর্মটা ধরে রাখা। এর সঙ্গে আছে একটা হাতছানিও। পয়েন্ট তালিকার শীর্ষে থেকে বড়দিনের ছুটিতে যেতে পারলে টানা ৫৪ ‘ম্যাচ ডে’ শীর্ষে থাকার নতুন রেকর্ড হবে কাতালানদের। লিগে টানা ৫৩ ‘ম্যাচ ডে’ শীর্ষে থাকার আগের রেকর্ডটা রিয়াল মাদ্রিদের। এ জন্য অবশ্য গেটাফের সঙ্গে শুধু জিতলেই হবে না বার্সেলোনার। লা লিগার এই সপ্তাহ শুরুর আগ পর্যন্ত বার্সেলোনা আর অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ও গোল ব্যবধান দুটোই সমান। তবে অ্যাটলেটিকোর চেয়ে এক গোল বেশি করে শীর্ষস্থানটা ধরে রেখেছিল বার্সা। গতকাল লেভান্তের বিপক্ষে অ্যাটলেটিকো যদি জিতে থাকে তাহলে বার্সাকে আজ নিশ্চিত করতে হবে ডিয়েগো সিমিওনের দলের চেয়ে আজ তাদের গোল ব্যবধান কিংবা নিজেদের গোল বেশি রাখার।
পারবে মার্টিনোর দল? এএফপি।