মেসি-নেইমারের যুগলবন্দীতে উড়ে গেল সেল্টা ভিগো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি-নেইমারের যুগলবন্দীতে শিরোপার দৌড়ে এগোল বার্সা। ছবি: রয়টার্স
মেসি-নেইমারের যুগলবন্দীতে শিরোপার দৌড়ে এগোল বার্সা। ছবি: রয়টার্স

গত সপ্তাহেও লা লিগার চিত্রটা ছিল অন্যরকম। ‘এল ক্লাসিকো’য় বার্সেলোনার চেয়ে রিয়ালকেই ফেবারিট মানা হচ্ছিল। কিন্তু হঠাত্ সব চিত্র যেন পাল্টে গেল, ঠিক বার্সার এল ক্লাসিকোর জয়ের পরই। মাত্র দুই ম্যাচ পর পয়েন্ট টেবিলে বড় পরিবর্তন। মেসি-নেইমারের গোলে ৩-০ ব্যবধানে সেল্টা ভিগোকে উড়িয়ে জয়ের ধারা অব্যাহত রাখল বার্সা, একই সঙ্গে রিয়ালকে পেছনে ফেলে এগোল শিরোপার দৌড়েও।
ম্যাচের ছয় মিনিটেই নেইমারের গোল। দলকে এগিয়ে নিতে ৩০ মিনিটে মেসি-ঝলক। লিগে বার্সা ফরোয়ার্ডের এটি ২২তম গোল। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেই শেষ হয় বার্সার প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে অ্যালেক্সিসের পাসে ফের নেইমারের গোল। চূড়ান্ত স্কোরলাইন—বার্সা ৩: ০ সেল্টা ভিগো। তবে বার্সার জন্য দুঃসংবাদ—ম্যাচের ২০ মিনিটে মারাত্মক চোট পেয়েছেন গোলরক্ষক ভিক্টর ভালদেস। আঘাত এতটাই গুরুতর, ভালদেসের বিশ্বকাপ একরকম অনিশ্চিত।
ওদিকে ঘরের মাঠে গ্রানাডাকে ১-০ ব্যবধানে হারিয়ে ফের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ফর্মের তুঙ্গে থাকা ডিয়েগো কস্তা এ ম্যাচেও পেয়েছেন গোল। লিগে অ্যাটলেটিকো স্ট্রাইকারের এটি ২৪তম গোল। ৬৩ মিনিটে কস্তার করা একমাত্র গোলেই জয় পেয়েছে ডিয়েগো সিমিওনের দল।  
লিগের পয়েন্ট টেবিলে বার্সার অবস্থান এখন দুইয়ে। ৩০ ম্যাচ খেলে জেরার্ডো মার্টিনোর দলের পয়েন্ট ৭২। শীর্ষে থাকা অ্যাটলেটিকোর সমানসংখ্যক ম্যাচে পয়েন্ট ৭৩।