মেসি-নেইমারের ৮ মিনিট

দেপোর্তিভো এল মুন্দোর শিরোনাম ‘ভীতিকর’। হলুদ হরফে লেখা স্পোর্ত-এর শিরোনাম, ‘ব্লগ্রনাদের স্টিমরোলার’। যাঁরা খেলা দেখেছেন, তাঁরা একমতই হবেন স্প্যানিশ পত্রিকা দুটির সঙ্গে। ৭-০ গোলের জয়ই বলে লেভান্তেকে নিয়ে ছেলেখেলাই করেছে বার্সেলোনা। নতুন মৌসুমের শুরুটা লা লিগা চ্যাম্পিয়নদের এর চেয়ে ভালো কিছু হতে পারত না! তবে রিয়াল মাদ্রিদ আরেকটু হলেই পা হড়কাত, রিয়াল বেটিসের বিপক্ষে ২-১ গোলের জয়টা আনন্দের চেয়ে স্বস্তিই বেশি দিয়েছে নতুন কোচ কার্লো আনচেলত্তিকে।
নেপথ্যের লোক বদলে গেছে, কিন্তু বার্সায় খেলায় মরচে ধরেনি মোটেই। প্রথম ম্যাচ শেষেই রায় দেওয়াটা বাড়াবাড়ি, কিন্তু বার্সার ক্ষুধা, জিগীষাটা যেন মার্টিনোর দলে আরও বেশি। সাত গোলের জয়ে বার্সার আধিপত্য কতটা ছিল সেটা বোঝাতে একটা পরিসংখ্যানই যথেষ্ট। পুরো ম্যাচে বার্সার ১৩টার বিপরীতে লেভান্তে গোলে শট নিয়েছে মাত্র একটি! গোলরক্ষক বাধা না হলে প্রথমার্ধেই ছয় গোল করা বার্সার গোলসংখ্যা দুই অঙ্কেরই হতো। কম-বেশি সবাই আলো ছড়িয়েছেন, জোড়া গোল করেছেন লিওনেল মেসি-পেদ্রো, একটি করে সানচেজ, আলভেজ ও জাভি। তবে যেটির অপেক্ষায় ব্যাকুল হয়ে ছিল ন্যু ক্যাম্পের ৭৪ হাজার দর্শক, সেটা একটু বিলম্বিত হয়েছে।
সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা নেইমারকে মার্টিনো প্রথম একাদশে নামাননি। টাচ লাইনের পাশে গা ঘামিয়ে নেইমার বার্তা দিয়েছিলেন যে, বদলি হিসেবে নামছেন। সেই মুহূর্তটা আসে ৬২ মিনিটে। করতালির বৃষ্টিতে ভিজে মাঠে ঢুকেছেন বার্সার নতুন রোমাঞ্চ। আলোকোজ্জ্বল পারফরম্যান্সে অভিষেকটাকে আরও স্মরণীয় করে রাখতে পারেননি, বরং হলুদ কার্ড দেখেছেন। মেসির সঙ্গে বহুল প্রতীক্ষিত তাঁর যুগলবন্দীটাও ছিল মাত্র ৮ মিনিটের। কারণ মেসিকে ৭০ মিনিটেই তুলে নিয়েছেন মার্টিনো।
ম্যাচ শেষে অবশ্য জানিয়েছেন, ম্যাচটা সহজ ছিল বলেই এটা করেছেন। এটাও জানিয়েছেন বার্সার খোলনলচে পাল্টে দেওয়ার কোনো ইচ্ছে নেই তাঁর, ‘অভিষেকটা আমার প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। আমি দলটাকে মার্টিনোর বার্সা বানাতে চাই না। আসার আগে থেকেই বার্সা-দর্শনের ভক্ত ছিলাম আমি। তারা যেটা করা বন্ধ করে দিয়েছিল বা ভুলে গিয়েছিল সেটাই তাদের দিয়ে করাতে চাই।’
মার্টিনো যে ‘বিলাসিতা’ দেখাতে পেরেছেন, কার্লো আনচেলত্তি সেটা ভাবতেই পারেননি। বরং বার্নাব্যুতে বেটিস আরেকটু হলেই রুখে দিয়েছিল রিয়ালকে। ১৪ মিনিটে প্রথমে তো বেটিসই যায় এগিয়ে। ২৬ মিনিটে করিম বেনজেমার গোলে সমতা ফেরানোর পরও ড্রটাকেই মনে হচ্ছিল সম্ভাব্য ফল। ৮৬ মিনিটে নবাগত ইসকোর দারুণ এক হেডে হাঁফ ছেড়ে বাঁচেন আনচেলত্তি।
তিন কোটি ইউরোর বিনিময়ে মালাগা থেকে এই প্লেমেকারকে নিয়ে এসেছে রিয়াল। নতুন ক্লাবে অভিষেকেই গোল করেছেন, তার আগে বানিয়ে দিয়েছেন প্রথম গোলটাও। ইসকো উচ্ছ্বসিত নিজেকে নিয়ে, কিন্তু আনচেলত্তির দুশ্চিন্তার অনেক কারণ আছে। এমন খেললে লা লিগা ফিরে পাওয়া যে সহজ হবে না, সেটাও বুঝতে পারছেন বিলক্ষণ। ম্যাচ শেষে তাই বললেন, ‘সমস্যা ছিল রক্ষণে। প্রথমার্ধে আমাদের কিছুই ঠিকমতো হয়নি। অনেক সমস্যা ছিল। বিশেষ করে ভারসাম্য রক্ষা করাটাই ছিল সমস্যা। মাঝমাঠ ও রক্ষণভাগের মধ্যে অনেক ফাঁক ছিল। স্বাভাবিকভাবেই আমাদের আরও উন্নতি করার সুযোগ আছে।’ এএফপি, রয়টার্স।