মেসি নয় রোনালদিনহো
টানা তিনবার ব্যালন ডি’অর-জয়ী লিওনেল মেসি তাঁর ক্লাব সতীর্থ। মেসির গোলের পর প্রথমেই টিভি ক্যামেরায় ধরা পড়ে তাঁর বাঁধভাঙা উল্লাস। কিন্তু বার্সেলোনা গোলরক্ষক ভিক্টর ভালদেস বলছেন, মেসি নন, রোনালদিনহোই তাঁর দেখা সেরা প্রতিভা। ন্যু ক্যাম্পের পাট চুকিয়েছেন অনেক দিন আগেই, ৩২ বছর বয়সে বড় কোনো ক্লাবেও ঠাঁই হয়নি ‘রোনি’র। কিন্তু বার্সেলোনায় তিনি ছিলেন এক ফুটবল জাদুকর। বার্সাকে দুবার লা লিগা, একবার চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন। ব্যালন ডি’অর জিতেছেন একবার, দুবার হয়েছেন ফিফা বর্ষসেরা খেলোয়াড়। অর্জনের পাল্লায় তাঁকে লিওনেল মেসি ছাপিয়ে গেছেন, তবে ভালদেসের কাছে রোনিই সবার ওপরে, ‘আমি সব সময়ই বলে আসছি, যখন সে বার্সায় ছিল, রোনিই ক্লাবের ইতিহাসটা বদলে দিয়েছে। বদলে যাওয়া দলটির নেতৃত্ব সে-ই দিয়েছিল।’ রোনালদিনহো আসার আগে ধুঁকছিল বার্সা, চ্যাম্পিয়নস লিগে জায়গা পেতেই পোড়াতে হতো অনেক কাঠখড়। রোনালদিনহো-জাদুতে যেন ভোজবাজির মতো পালটে গেল তারা, আজকের নান্দনিক বার্সার স্বপ্নযাত্রার শুরুটা হয়েছিল তাঁর হাত ধরেই। সেটাই মনে করছেন ভালদেস, ‘অনেক দিন ধরেই কোনো শিরোপা জিততে পারছিলাম না। সে এল এবং বার্সাকে বিশ্বজয়ী দল করে তুলল। তাকে ধন্যবাদ জানানোর জন্য এটাই যথেষ্ট।’ রোনালদিনহোকে তাঁর দেখা সেরা প্রতিভা বলে মানতে এতটুকু দ্বিধা নেই ভালদেসের, ‘আমাকে বলতেই হবে, আমার দেখা সবচেয়ে বড় প্রতিভা সে। সে সব সময়ই নতুন কিছু করত।’ ওয়েবসাইট।