মেসি নয়, রোনালদোকেই বর্ষসেরা বললেন ম্যারাডোনা

আর্জেন্টিনার ‘নতুন ম্যারাডোনা’ খেতাব বেশ কয়েকজনকেই দেওয়া হয়েছিল। কিন্তু সবচেয়ে সফলভাবে সেই তকমাটা ধরে রেখেছেন লিওনেল মেসি। টানা চারবার ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে প্রমাণ করেছেন যে আর্জেন্টিনার সাবেক কিংবদন্তির পাশে বসার যোগ্যতা তাঁর সত্যিই আছে। ম্যারাডোনা নিজেও প্রায়ই প্রশংসায় ভাসিয়েছেন মেসিকে। কিন্তু সাবেক শিষ্যের এ বছরের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেননি আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক। এবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটা তাই রোনালদোরই পাওয়া উচিত বলে মনে করছেন ম্যারাডোনা।
এ বছর সত্যিই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন রোনালদো। এবারের লা লিগা মৌসুমে ১৫ ম্যাচেই করেছেন ১৭ গোল। অন্যদিকে বারবার ইনজুরি আক্রান্ত হয়ে খুব একটা আলো ছড়াতে পারেননি মেসি। ম্যারাডোনাও এটা উপলব্ধি করে নিজের ভোটটা রোনালদোকেই দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদোরই জেতা উচিত। মেসি এ বছর অনেকবার ইনজুরির কবলে পড়েছে।’
ব্যালন ডি’অর পুরস্কার প্রদানের সময় যতই এগিয়ে আসছে, কথার লড়াইটাও যেন ততই জমে উঠছে। তবে শেষ পর্যন্ত শেষ হাসিটা কে হাসবেন, সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে জানুয়ারির ১৩ তারিখ পর্যন্ত।