বার্সেলোনা ৩ : ১ সেল্টা ভিগো; রিয়াল মাদ্রিদ ৪ : ০ জারাগোজা; ভ্যালেন্সিয়া ২ : ০ অ্যাটলেটিকো
মেসি পারেননি বার্সা পেরেছে
শেষের বাঁশি বাজল বলে। নিশ্চিত জয়ের পথে বার্সেলোনা। তার পরও পুরো ন্যু ক্যাম্প ‘একটা গোল, একটা গোল’ বলে প্রার্থনা করে গেল। বার্সার দু-দুজন ডিফেন্ডার গোল পেয়ে গেল আর তিনি পাবেন না! না পেলেন না। মরিয়া চেষ্টা করেছেন। গোলরক্ষককে একা পেয়েও পছন্দসই কোণের খোঁজে শট না নিয়ে বক্সের মধ্যেই ড্রিবল করেছেন। অন্য সতীর্থকে বল বাড়িয়ে দিলেই গোল হয়, কিন্তু তিনি হয়ে গেছেন স্বার্থপর। পায়ে চোট। হাঁটুর সন্ধিস্থল ফুলে গেছে। তার পরও তিনি খেললেন। না, কোনো চেষ্টাই কাজে দিল না। পুত্রকে গোল উপহার দিয়ে পৃথিবীতে স্বাগত জানানো হলো না। পারলেন না লিওনেল মেসি!মেসির ‘না-পারা’টা আড়াল করে দিয়েছেন ডেভিড ভিয়া। মঙ্গলবার স্প্যানিশ কাপে দুর্দান্ত খেলে দাবি জানিয়েছিলেন প্রথম একাদশে সুযোগ পাওয়ার। কোচ কথা শুনেছেন। আর তারই প্রতিদান ভিয়া দিয়েছেন গোল করে এবং একটি করিয়ে। মেসি না পারলেও বার্সা কিন্তু ঠিকই পারল। সেল্টা ভিগোকে হারিয়ে ক্লাব ইতিহাসের সেরা শুরুর রেকর্ড গড়ল। পূর্বসূরি পেপ গার্দিওলাকে তো বটেই, সম্ভাব্য ৩০ পয়েন্টের ২৮টিই তুলে নিয়ে টিটো ভিলানোভা ছাড়িয়ে গেলেন লুই ফন গলের বার্সার ১৯৯৭-৯৮ মৌসুমের কীর্তি। বার্সার জন্য অবশ্য আরও সুখবর দিয়েছে রাতের তৃতীয় ম্যাচ। শুরু থেকেই কাঁধে চড়ে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ ভ্যালেন্সিয়ার কাছে হেরে ছিটকে গেছে। বার্সার সঙ্গে তাদের ব্যবধানও হয়ে গেল ৩। এই মৌসুমে দুর্দান্ত খেলতে থাকা আরেক দল মালাগা নিজেদের মাঠে রায়ো ভায়োকানোর কাছে হেরে যাওয়ায় তিনে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। রিয়াল জারাগোজাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে আসল ‘রিয়াল’ কারা সেটাই বুঝিয়ে দিয়েছে হোসে মরিনহোর দল।মেসি গোল পাননি, পাননি ক্রিস্টিয়ানো রোনালদোও। তার পরও দুই দলের জিততে কোনো সমস্যা হয়নি। সেল্টা ভিগো কিন্তু অনেক সময় বার্সাকে ভুগিয়েছে। ২১ থেকে ২৬—এই ৫ মিনিটে হয়েছে তিনটি গোল। প্রথমে আদ্রিয়ানোর গোলে এগিয়ে যাওয়া, ২৪ মিনিটে মারিও বারমেয়োর গোলে সমতা, ২৬ মিনিটে ভিয়ার আবার এগিয়ে দেওয়া। সমতা ফেরানোর হুমকি সেল্টা আরও কয়েকবারই দিয়েছিল। কিন্তু ৬১ মিনিটে ভিয়ার ব্যাকহিল থেকে গোল করে ম্যাচটা শেষ করে দেন জর্ডি আলবা। বার্সা ফুলব্যাকের গোলটি অবশ্য এসেছে অফসাইড থেকে।মেসি না পারলেও তাঁর দুই আর্জেন্টাইন সতীর্থ কিন্তু সান্তিয়াগো বার্নাব্যুর রাতটা আলোকিত করেছেন। ২৩ মিনিটে গঞ্জালো হিগুয়েইন আর ২৫ মিনিটে অ্যাঙ্গেল ডি মারিয়ার গোলে মুহূর্তেই এগিয়ে যায় রিয়াল। শেষের দুই মিনিটে আবারও ঝটিতি ২ গোল। এবার গোল করেন এ মৌসুমেই রিয়ালে আসা দুই খেলোয়াড় লুকা মডরিচ ও মাইকেল এসিয়েন। এই জয় দিয়ে রিয়ালে জয়ের সেঞ্চুরি পূর্ণ করলেন হোসে মরিনহো। ১৩৩ ম্যাচে ১০০ জয়—মরিনহো বুঝিয়ে দিচ্ছেন, কেন তিনি স্পেশাল ওয়ান! এএফপি, রয়টার্স।