মেসি-পুত্রকে আগুয়েরোর উপহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসির হাতে আকাশি-সাদা রঙের ছোট্ট একটা জার্সি। ঠিক ওটার মাপেরই একটি শর্টস ধরে আছেন সার্জিও আগুয়েরো। আগুয়েরো তাঁর টুইটারে পরশু এই ছবিটাই পোস্ট করেছেন।জার্সি ও শর্টস আগুয়েরোর উপহার। কাকে দিয়েছেন, সেটি জার্সির নম্বর ‘ ১০’-এর ওপর মেসি জুনিয়র থিয়াগোর নাম দেখেই বোঝা যায়। সৌদি আরবের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে রিয়াদে আর্জেন্টিনা দলে যোগ দিয়েছেন আগুয়েরো। সেখানেই দুই সপ্তাহ বয়সী থিয়াগোর জন্য এই উপহার তুলে দিয়েছেন তাঁর বাবার হাতে।আকাশি-সাদা রঙের ১০ নম্বর জার্সি কোনো দিন থিয়াগোর গায়ে উঠবে কি না সেটা জানে ভবিতব্য। তবে আর্জেন্টাইনরা তো চাইবেই ও যেন ‘বাপকা বেটা’ হয়। শুধু আর্জেন্টাইনরা বা কেন, গোটা ফুটবল-বিশ্বের প্রায় প্রতিটি প্রান্তেই হয়তো এই প্রত্যাশা ঘুরে বেড়াচ্ছে। বার্সেলোনার যুব একাডেমি ‘লা মেসিয়ায়’ আসার আগে লিওনেল মেসি আর্জেন্টিনার যে ক্লাবের যুবদলে খেলতেন, সেই নিউওয়েলস ওল্ড বয়েজের সমর্থক গোষ্ঠী এরই মধ্যে বিনা ফিতে থিয়াগোকে সদস্য করে নিয়েছে।কিন্তু নিজের ছেলের কথা না ভেবে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিটা মেসির ছেলেকে দিয়ে দিলেন আগুয়েরো! মেসির ফুটবল জিন পেয়ে যদি উত্তরকালে মহাতারকা হয় থিয়াগো, আগুয়েরোর ছেলে বেঞ্জামিনেরও তো সেই সম্ভাবনা থাকে। তিন বছর বয়সী বেঞ্জামিন আগুয়েরোর নানা যে কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। অবশ্য বন্ধুর ছেলেকে ‘সেরা’ উপহারটি দিতে তাই কার্পণ্য করেননি আগুয়েরো।গতকাল লিওনেল মেসি একটি সুসংবাদ পেয়েছেন। কোচ এবং ফুটবলারদের ভোটে ২০১১-১২ মৌসুমের স্প্যানিশ লিগের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বার্সেলোনা তারকা। জিতেছেন সেরা স্ট্রাইকারের পুরস্কারও। রিয়ালের ইকার ক্যাসিয়াস হয়েছেন সেরা গোলরক্ষক। সেরা ডিফেন্ডার সার্জিও রামোস। সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার জাভি আলোনসো। সেরা অ্যাটাকিং মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা। সেরা কোচ পেপ গার্দিওলা। ওয়েবসাইট।