
আমার ছোট্ট মেয়েকে আর্জেন্টিনার একটা জার্সি কিনে দিয়েছি। আমার নিজেরও আর্জেন্টিনার জার্সি আছে। সেটা গায়ে চাপিয়ে আজ জমিয়ে প্রিয় দলের খেলা দেখব।
এই বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচটা টিভিতে সরাসরি দেখা হয়নি। পরদিন পুনঃপ্রচার দেখি। ব্রাজিলের প্রথম ম্যাচটা অবশ্য লাইভ দেখেছি, দ্বিতীয়টি পুনঃপ্রচার। আসলে ভারত সিরিজ চলার কারণে বিশ্বকাপ ফুটবল উপভোগ করার সুয়োগই মেলেনি। সিরিজ চলাকালে বিশ্বকাপ খুব একটা জায়গা পায়নি আমাদের জাতীয় দলের ক্রিকেটারদের কাছে। এমনিতে টুকটাক আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ নিয়ে কথা হতো, তবে সব মনোযোগ ছিল ভারত সিরিজেই। প্রথম ম্যাচটা হারের পর আমাদের তো আরও সতর্ক হয়ে যেতে হয়। এখন ভারত সিরিজ শেষ। মনে হচ্ছে বিশ্বকাপটা এখন উপভোগ করার সুযোগ মিলল।
পরিবারে আমিই শুধু আর্জেন্টিনা৷ বাকি সবাই ব্রাজিল। বুঝতেই পারছেন, ব্রাজিলকে ‘ঠেকাতে’ আমাকে কী পরিমাণ ‘ঘাম’ ঝরাতে হয়! আব্বা এখন ঢাকায়। তার মানে আমার প্রবল প্রতিপক্ষ এখন কোনো ব্যাটসম্যান নয়, নিজের ঘরের ব্রাজিল সমর্থকেরাই।
তবে ঠিক করেছি, এখন থেকে একা একা খেলা দেখব। আগে বন্ধুদের নিয়ে বিশ্বকাপ ফুটবল দেখতাম, আর্জেন্টিনা হারত। গত দুটি বিশ্বকাপেই আর্জেন্টিনার বিদায় কোয়ার্টার ফাইনালে। দুবারই প্রতিপক্ষ জার্মানি। মনে পড়ছে, গতবার বিশ্বকাপ ফুটবল চলার সময় ইংল্যান্ড সফরে ছিলাম ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে৷ সবাই মিলে খেলা দেখি, আর আর্জেন্টিনা চার গোল খেয়ে কাঁদতে কাঁদতে দক্ষিণ আফ্রিকা থেকে বিদায় নেয়। ২০০৬ জার্মানি বিশ্বকাপে আয়ালা গোল করে এগিয়ে দেয় আর্জেন্টিনাকে, ক্লোসার গোলে ম্যাচে ফিরে টাইব্রেকারে জয় তুলে নেয় জার্মানি। তাই এবার নিরিবিলি টিভি পর্দায় চোখ রেখে দেখি, ‘কুফা’ কাটে কি না!
একা দেখলেও ম্যাচ নিয়ে আবেগ-অনুভূতি সমানই থাকে আমার। সঙ্গী হয় চা৷ সমস্যা হলো, রাত জেগে খেলা দেখতে যাওয়া মানে মেয়ের মাকে চা সরবরাহ করতে হয়। আমার তো পাঁচ-ছয় কাপ চা লেগে যায়! কী করব, খেলা দেখার সময় টেনশন বাড়ে। যা নিবারণের ওষুধ চা।
তবে আশা করি, আজ ইরান ম্যাচটায় আর্জেন্টিনা আমাকে টেনশনে রাখবে না। জিতবে সহজেই। ভুল বললাম, বিশ্বকাপের কোনো ম্যাচেই সহজ জয় আশা করা ঠিক নয়। কারণ দলগুলোর মধ্যে পার্থক্য এখন কমে এসেছে। তাই ইরানকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। মেসি, প্লিজ টেনশনে রেখো না!