
প্রতিপক্ষের রক্ষণভাগ তছনছ করে দিয়ে একের পর এক গোল করে যেতেই অভ্যস্ত লিওনেল মেসি। বিপক্ষ দলের কোনো খেলোয়াড়কে দেখে কি কখনো ভয়ও পেতে পারেন চারবারের বর্ষসেরা ফুটবলার? কেউই মেনে নিতে চাইবেন না এমন ধারণা। কিন্তু প্রতিপক্ষ যদি হয় উলভারিন? এক্স-মেনের সেই লম্বা ধারালো আঙুলওলা অতিমানব? তাহলে হয়তো বলটা নিজের পায়ে রাখার চেয়ে অন্য কাউকেই পাস দিয়ে দিতে চাইবেন আর্জেন্টাইন তারকা।
মজা করে মেসিকে নিয়ে সম্প্রতি এমন মন্তব্যই করেছেন উলভারিনের চরিত্রে অভিনয় করা অস্ট্রেলিয়ান অভিনেতা হিউ জ্যাকম্যান।
আগামী বছর ব্রাজিল বিশ্বকাপটা স্টেডিয়ামে বসে দেখারই পরিকল্পনা করছেন জ্যাকম্যান। নিজ দেশ অস্ট্রেলিয়াও টানা তৃতীয়বারের মতো অংশ নিতে যাচ্ছে বলে উত্তেজনাটা আরও বেশি এক্স-মেনখ্যাত এই অভিনেতার। তারকা হওয়ার সুবিধা কাজে লাগিয়ে অনেক কিছু পাওয়ার প্রলোভন এড়িয়ে গেলেও বিশ্বকাপের টিকিট পাওয়ার জন্য উঠেপড়েই লাগবেন বলে জানিয়েছেন জ্যাকম্যান, ‘বিখ্যাত হওয়ার কারণে অনেকের অনেক প্রস্তাবেই আমি বলি, “না, আমার এটা চাই না” “আমি এটাতে আগ্রহী নই।” কিন্তু টিকিট? হ্যাঁ, অবশ্যই চাই। রেস্টুরেন্ট আর ফুটবল ম্যাচের টিকিট—এই দুটো পাওয়ার জন্যই সব সময় রাজি থাকি।’
নিজের চরিত্র উলভারিনকেও ফুটবল মাঠে কল্পনা করেছেন জ্যাকম্যান। তাঁর মতে, মাঝমাঠে খুবই ভালো পারফরম্যান্স দেখাতে পারবে ধারালো নখওয়ালা এই চরিত্রটি, ‘গোলরক্ষক হলে সে শুধু বলগুলো ফুটো করে ফেলবে। এ ছাড়াও কমিকসে উলভারিনের উচ্চতা মাত্র ৫ ফুট ৩ ইঞ্চি। এ রকম ছোটখাটো কোনো গোলরক্ষক নিশ্চয়ই কেউ চাইবে না। তবে মাঝমাঠে সে খুবই ভালো করবে। সেখানে হয়তো সে বেশ ভালোই ক্ষয়ক্ষতি করতে পারবে প্রতিপক্ষের। মেসি হয়তো ভয় পেয়ে ভাববে, ‘বলটা অন্য কাউকে পাস দিয়ে দেই, উলভারিনের বিপক্ষে খেলাটা খুব একটা সুবিধাজনক হবে না।’