মেসি বনাম রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনেই যাঁর যাঁর ক্লাবের প্রাণভোমরা। নিজ নিজ জাতীয় দলের অধিনায়কও। দুজনকেই এমন অপবাদ শুনতে হয়—ক্লাবের হয়ে যতটা উজ্জ্বল, ততটাই অনুজ্জ্বল জাতীয় দলের হয়ে। মিল আছে আরেকখানে, পারস্পরিক দ্বৈরথ নিয়ে দুজনেই কথা বলেন একই সুরে। মেসি বলেন, ‘রোনালদোর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা নেই।’ আর রোনালদোও বলেনে, ‘মেসির সঙ্গে আমার কোনো দ্বৈরথ নেই।’মুখে যা-ই বলুন, মাঠে কিন্তু একে অন্যের তীব্র প্রতিপক্ষ। গত মৌসুমে লিওনেল মেসি ৫৩টি গোল করলেন ক্লাবের হয়ে। ক্রিস্টিয়ানো রোনালদোও ৫৩টি! এবারের লিগে মেসির গোল ১৭টি। রোনালদোরও তা-ই! গত এপ্রিলে লিগে সর্বশেষ রিয়াল-বার্সা মুখোমুখি ম্যাচটা ১-১ সমতায় শেষ হয়েছিল। ৫৩ মিনিটে বার্সাকে এগিয়ে দিয়েছিলেন মেসি, পেনাল্টি থেকে। ৮২ মিনিটে সমতা ফেরান রোনালদো, পেনাল্টি থেকে গোল করেই!এভাবেই ছুটছে দুজনের দ্বৈরথ। ছুটবে আজও। কে এগিয়ে বলা মুশকিল। তবে মেসিই বোধ হয় একটু এগিয়ে। পুরো মৌসুমে মেসির গোল ২৭টি, রোনালদোর ২১। তা ছাড়া রোনালদোর অনেকগুলো গোল এসেছে পেনাল্টি থেকে। আবার মেসি পিছিয়েও আছেন। পিছিয়ে আছেন ‘অ্যাওয়ে’ ম্যাচের ঔজ্জ্বল্যহীনতায়। এই লিগে মেসির ১৭ গোলের মাত্র একটি প্রতিপক্ষের মাঠে!তবে ২৪ বছর বয়সী আর্জেন্টাইন জাদুকর কিন্তু এল ক্লাসিকো খুবই ভালোবাসেন। সর্বশেষ ১৫টি দ্বৈরথে মেসি গোল করেছেন ১৩টি! একজন ফরোয়ার্ডের সঙ্গে গোলরক্ষকের লড়াই হয়। পরিসংখ্যান বলছে, মেসি-ইকার ক্যাসিয়াস লড়াইয়েও মেসি অনেক এগিয়ে। স্পেনের বাকি সব গোলরক্ষকের চেয়ে ক্যাসিয়াসের জালেই সবচেয়ে বেশি গোল ঢুকিয়েছেন মেসি। শুধু তা-ই নয়; রিয়ালের মাঠে টানা পাঁচ এল ক্লাসিকোতে গোল করেছেন মেসি, যে কীর্তি আর আছে কেবল সাবেক রিয়াল তারকা হুগো সানচেজের।গত মৌসুমে যেখানে শেষ করেছিলেন, রোনালদো যেন এবারও শুরু করেছেন সেখান থেকেই। গতবার লিগে ৪০ গোল করে মেসিকে হারিয়ে জিতেছেন পিচিচি ট্রফি। এবারও যে সর্বোচ্চ গোলদাতা হতে চান—এ নিয়ে কোনো প্রশ্ন চলে না। তবে মেসি কেন একটু এগিয়ে সেটা আরেক দিক দিয়েও হিসাব কষে বের করা যায়।বার্সার বিপক্ষে সব মিলিয়ে নয় ম্যাচে মাত্র তিন গোল রোনালদোর। গতবার অবশ্য কোপা দেল রে জিতিয়েছেন রোনালদো। কিন্তু সেই হতাশা মেসি মুছে ফেলেছেন গতবার চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে অবিশ্বাস্য এক গোল করে। এ মৌসুমে দুই দলের এল ক্লাসিকো শুরু স্প্যানিশ সুপার কাপ দিয়ে। সেই শিরোপাও বার্সা ঘরে তুলেছে মেসির সৌজন্যে। তবে এই পিছিয়ে থাকাটা নিশ্চয়ই ঘুচিয়ে দিতে চান রোনালদো। আর সেজন্য বার্নাব্যুর মঞ্চ আজ প্রস্তুত! এএফপি।