মেসি-বন্দনা চলছেই
গত পাঁচ বছরে চারবারই সোনার বুটটা নিজেদের শোকেসে তুলেছেন এই দুজন। ২০০৭-০৮ ও ২০১০-১১ মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদো। ২০০৯-১০-এর পর সদ্যই আবার জিতলেন লিওনেল মেসি। এই তো এখনকার ফুটবলে মেসি-রোনালদো দ্বৈরথের ছবি। পুরো ইউরোপের ঘরোয়া লিগের সেরা গোলদাতা হয়ে ইউরোপিয়ান গোল্ডেন শু আরেকবার জেতার পর স্বাভাবিকভাবেই মেসি প্রশংসার বৃষ্টিতে ভিজছেন। কোচ-সতীর্থদের সব কথায় ধরা পড়ছে টলোমলো আবেগ। তাই বলে আবেগের প্রবল স্রোতের তোড়ে যে সবাই যুক্তিও মানছেন না, তাও কিন্তু নয়।আলেসান্দ্রো সাবেলা যেমন বলছেন, মেসির মতো একজন খেলোয়াড়ের কোচ হতে পেরে তিনি গর্বিত। নিয়ত নিজেকে আরও ভালো করার বিরামহীন চেষ্টাই মেসিকে আজকের মেসি বানিয়েছে বলে মনে করেন আর্জেন্টিনার কোচ। জাতীয় দলের হয়ে মেসি নিয়মিত গোল পাওয়াতেও খুব খুশি। তবে মেসিই সর্বকালের সেরা কি না, এই বিতর্কে যেতে চান না সাবেলা। তবে প্রচ্ছন্নভাবে বলেছেন, ‘পেলে, ম্যারাডোনার সঙ্গে ওর তুলনা করা আমার জন্য দায়িত্বজ্ঞানহীন একটা কাজ হয়ে যাবে। এরা তিনজনই আলাদা আলাদা যুগের। হয়তো মেসিই সর্বকালের সেরা, কিন্তু আমার সেটা বলা অনেকটা দাম্ভিকতার মতো শোনাবে।’ ওয়েবসাইট। জেরার্ড পিকে অবশ্য কোনো কূটনীতির ধার ধারেননি। মেসি সোনার বুট হাতে তোলার কিছুক্ষণের মধ্যেই টুইট করে বার্সা ডিফেন্ডার লিখেছেন, ‘আমি আমার নাতি-নাতনিদের সঙ্গে গল্প করতে পারব, সর্বকালের সেরা খেলোয়াড়টি আর আমি একই দলে খেলতাম।’ আর বার্সা কোচ টিটো ভিলানোভা বলেছেন, ‘কথাটা আগেও অনেকবার বলেছি, আমার মনে হয় না ওর মতো খেলোয়াড় আমরা আর দেখতে পাব। ওর মতো আরেকজন খেলোয়াড় আসতে অনেক সময় লাগবে।’