মেসি বলছেন, জাভি-ইনিয়েস্তা
ফেবারিট এবারও তাঁরা দুজন। লিওনেল মেসির টানা চতুর্থ নাকি ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বিতীয়—আলোচনা এই নিয়ে। ইউরোর পর থেকে অবশ্য দৌড়ে ইকার ক্যাসিয়াসকেও রাখছেন অনেকে। রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা ও স্পেনের হয়ে ইউরো জয়ের পর প্রথম গোলকিপার হিসেবে ক্যাসিয়াসের জয়ের সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু মেসির নিজের চাওয়া, ফিফা-ব্যালন ডি’অর এবার জিতুক আন্দ্রেস ইনিয়েস্তা অথবা জাভি হার্নান্দেজ। মেসি যেমন জিতেছেন সেরার পুরস্কার, সর্বশেষ তিনবারই তেমনি তৃতীয় হয়েছেন জাভি। লা লিগার সর্বশেষ মৌসুমে অবশ্য সেভাবে জ্বলে উঠতে পারেননি এই মিডফিল্ডার, ইউরোতে ভালো খেললেও ঠিক নিজের চেনা রূপে দেখা যায়নি। ইনিয়েস্তা লা লিগায় খানিকটা অধারাবাহিক থাকলেও ইউরোতে দুর্দান্ত খেলে জিতে নিয়েছেন গোল্ডেন বল। ফিফা বর্ষসেরায় সেরা তিনে একবারই আসতে পেরেছেন এই মিডফিল্ডার। ২০১০ সালে দ্বিতীয় হয়েছিলেন রোনালদোকে পেছনে ফেলে। বছর শেষের যদিও অনেক দেরি এখনো, মেসির চাওয়া ট্রফিটা বার্সেলোনাতেই থাকুক। নিজে গোল আর রেকর্ডের বন্যা বইয়ের দিলেও যোগ্য মনে করছেন মাঝমাঠের দুই শিল্পীকে, ‘ব্যালন ডি’অর কে জিতবে—জানতে হলে এখনো অনেকটা দূর যেতে হবে। এখন পর্যন্ত তো মনোনয়নই দেওয়া হয়নি। যাঁরা দায়িত্বে আছেন, তাঁরাই ঠিক করবেন কে জিতবে। আমি চাইব, ট্রফিটা বার্সা ড্রেসিংরুমেই থাকুক। আশা করি, জাভি অথবা ইনিয়েস্তা ট্রফিটা জিততে পারবে। গত কয়েক বছরে ও ইউরোতে যা কিছু করেছে, সেসবের জন্য ট্রফিটা ওদেরই প্রাপ্য। আর যত বেশি বার্সার ফুটবলার ব্যালন ডি’অরের মনোনয়ন পাবে, ক্লাবের জন্য ততই ভালো।’ ওয়েবসাইট।