মেসি বললেন, মিথ্যা কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাসে সবচেয়ে কাছের বন্ধুটিই যখন আপনাকে টপকে ফার্স্ট হয়ে যায়, আপনি দ্বিতীয় হন কিংবা তৃতীয়; বুকের এক কোণে চিনচিনে একটা অনুভূতি হতেই পারে। অনেকেরই হয়। রুদ খুলিতের হয়েছিল কি না, সেটি তিনিই ভালো বলতে পারবেন, যেমন বলতে পারবেন ফ্রাঙ্ক রাইকার্ড। এঁদের দুজনকে টপকেই তো ১৯৮৮ সালে ব্যালড ডি’অর জিতেছিলেন তাঁদেরই ক্লাব আর জাতীয় দল সতীর্থ মার্কো ফন বাস্তেন। দুই ক্লাব সতীর্থকে দর্শক বানিয়ে ফন বাস্তেন পরের বছরও সেরা হয়েছিলেন।এবার লিওনেল মেসি যেমন জাভি-ইনিয়েস্তাকে দর্শক বানিয়ে জিতে নিলেন ফিফা-ব্যালন ডি’অর। ফন বাস্তেনের জয় এসি মিলানের মধ্যে অসন্তোষের বীজ বুনেছিল কিনা কে জানে। তবে এমন একটা গুঞ্জন ছড়িয়েছে, মেসি বর্ষসেরা হওয়ায় জাভি-ইনিয়েস্তার নাকি মন খারাপ।গুঞ্জন ছড়িয়েছে বলেই পরশু সংবাদ সম্মেলনে প্রশ্নটার উত্তর দিতে হলো মেসিকে। এবং মেসি সেটি উড়িয়েই দিলেন, ‘লোকে কে কী বলল না-বলল সেটা নিয়ে আমার মাথাব্যথা নেই। আমার ওপর আমার সতীর্থদের আস্থা আর ভালোবাসা আছে কিনা, সেটাই আসল। আমার সব সতীর্থই আমাকে অভিনন্দন জানিয়েছে। সবাই আমার জয়ে খুশি। আমি খুব ভালো করেই জানি, সতীর্থদের ছাড়া আমি এই পুরস্কার জিততে পারতাম না। আমাদের সম্পর্ক আগের মতোই আছে। জাভি আর আন্দ্রেসের সঙ্গে আমার কোনো সমস্যা নেই। দুজনের সঙ্গেই আমার সম্পর্ক অনেক ভালো।’নিন্দুকদের এসব কথাবার্তা নিয়ে মাথা ঘামানোর কোনো সময়ও মেসির নেই। তিনি বরং আগামীকালের ম্যাচটি নিয়ে ভাবছেন। বার্সেলোনা যে দুর্দান্ত গতিতে এগোচ্ছে, তাতে রেলিগেশন অঞ্চলের আশপাশে ঘুরঘুর করা মালাগাকে নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। কিন্তু এই ম্যাচ তার পরও বাড়তি গুরুত্ব পাচ্ছে বার্সেলোনার কাছে। এই ম্যাচ ড্র করতে পারলেই যে টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকার নতুন রেকর্ড! গার্দিওলার বার্সা ছাপিয়ে যাবে ৩৭ বছর আগে রাইনাস মিশেলসের বার্সার টানা ২৭ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি। লিগে ১৮ ম্যাচের মাত্র ৫টি জেতা আর ১১টি হারা মালাগার কাল দুমড়েমুচড়ে যাওয়ারই কথা।ইংলিশ প্রিমিয়ার লিগে আজ বড় দুই দল আর্সেনাল-চেলসির সঙ্গে নামছে ‘বড়’ হয়ে ওঠা ম্যানচেস্টার সিটিও। সিটির (২২ ম্যাচে ৪২ পয়েন্ট) সামনে আজ সুযোগ থাকছে ম্যানইউকে টপকে (২০ ম্যাচে ৪৪) আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাওয়ার। উলভারহ্যাম্পটনের বিপক্ষে রবার্তো মানচিনি তাই পুরো ৩ পয়েন্টই চান।আর্সেনালের (২১ ম্যাচে ৪০) জন্য ওয়েস্টহামের বিপক্ষে ম্যাচটি সিটিকে হাতের নাগালে রাখার। এমনিতে গত বুধবার লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে ইপসউইচের কাছে হেরেছে বলে আর্সেনালের জন্য ম্যাচটি আত্মবিশ্বাস ফিরে পাওয়ারও।এফএ কাপে আগের ম্যাচে ইপসউইচকে ৭-০ গোলে হারিয়ে সেই আত্মবিশ্বাস চেলসি আগেই ফিরে পেয়েছে। এখন সেটি আজকের ম্যাচে ব্ল্যাকবার্নের বিপক্ষে খাটানোর পালা। ২১ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে বর্তমান চ্যাম্পিয়নরা। এএফপি, রয়টার্স।