মেসি বাঁচালেন বার্সাকে
ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে এককাঠি এগিয়ে থাকতে পছন্দ করেন লিওনেল মেসি। পরশু রোনালদোর গোল রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগে জয় এনে দেওয়ার পর মেসিও হয়তো এমন কিছুরই সুযোগ খুঁজছিলেন। কাল মস্কো স্পার্তাকের বিপক্ষে প্রমাণ করলেন, ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে পারফরম্যান্সে একটু হলেও এগিয়ে থাকতে পছন্দ করেন তিনি। তাঁর দুটি গোলই কাল হারের শঙ্কায় থাকা বার্সেলোনাকে মস্কো স্পার্তাকের বিপক্ষে এনে দিয়েছে ৩-২ গোলের এক বিজয়।উজ্জীবিত স্পার্তাক কাল বার্সেলোনাকে ভালোই চাপে রেখেছিল। এক গোলে পিছিয়ে পড়ে, দুটি গোল ফিরিয়ে দিয়ে কাতালানদের হারের শঙ্কায় ফেলে দেওয়া স্পার্তাকের সঙ্গে শেষ পর্যন্ত পার্থক্য হয়ে দেখা দিলেন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। দল যখন ২-১ গোলে পিছিয়ে, ঠিক তখনই ম্যাচে ৭১ ও ৮০ মিনিটে দুটি গোল করে স্পার্তাকের মুখের গ্রাস কেড়ে নিলেন তিনি। সেই সঙ্গে বার্সেলোনাকে তুলে দিলেন চ্যাম্পিয়নস লিগে নিজ গ্রুপের শীর্ষে। ম্যাচের ১৪ মিনিটে তোল্লোর গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ২৯ মিনিটে দানি আলভেসের আত্মঘাতী গোলে লড়াইয়ে ফিরে আসে মস্কো স্পার্তাক। ৫৯ মিনিটে রোমুলো গোল করে ২-১ গোলে এগিয়ে দেন উজ্জীবিত স্পার্তাককে। লিওনেল মেসির জয়সূচক দুটি গোল আসে ম্যাচের ৭১ ও ৮০ মিনিটে। ম্যাচটিকে তিনি ‘কঠিন ম্যাচ’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘যদিও যোগ্য দল হিসেবে আমরা জিতেছি, কিন্তু ম্যাচটি ছিল কঠিন। স্পার্তাকও ছিল শক্ত প্রতিপক্ষ।’বার্সেলোনার এই তারকা কষ্টার্জিত জয়ের জন্য স্পার্তাকের রক্ষণ কৌশলকে কারণ হিসেবে চিহ্নিত করে বলেন, ‘যখন কোনো দল অনেক নিচে নেমে রক্ষণভাগ সামলাতে থাকে, তখন খুব অল্প জায়গায় খেলতে হয়। আজকের ম্যাচেও এমনটিই হয়েছে। স্পার্তাক অনেক নিচে নেমে তাদের রক্ষণভাগ সামলাচ্ছিল, সে কারণে আমাদের বল-প্লের জায়গা ছিল খুবই সীমিত।’স্পার্তাকের প্রশংসা করে মেসি বলেন, ‘স্পার্তাক কেবল রক্ষণেই নিজেদের ক্যারিশমা দেখায়নি। তাদের কিছু ভালো ও দ্রুতগামী ফরোয়ার্ড রয়েছে, যারা প্রতিপক্ষকে দ্রুত ভড়কে দিতে পারে।’ রয়টার্স।