মেসি বার্সায় থাকবেন আজীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি
মেসি

মাত্র ২৬ মিনিটের ঝড়। লিওনেল মেসি যেন মাঠে ফিরলেন, দেখলেন আর আবার জয় করলেন। ক্ষিপ্রতা, স্ফুরণ—সবই আগের মতোই। চোট কখনো খেলোয়াড়দের প্রতিভায় মরচে ধরিয়ে দিলেও এ ক্ষেত্রে মেসি একেবারেই অন্যরকম। দীর্ঘ দিন মাঠের বাইরে থাকার কারণে যে ক্ষুধাটা তাঁকে তাতিয়ে রেখেছিল, গেটাফের বিপক্ষে কাল কোপা দেল রে-র ম্যাচে যেন তা বিস্ফোরিত হলো। সমর্থকেরাও দারুণ খুশি তাঁদের ‘লিও’র এমন প্রত্যাবর্তনে। মেসিও যেন কিছুটা আবেগপ্রবণ। জানিয়ে দিয়েছেন, তাঁর প্রাণ-প্রিয় বার্সেলোনার হয়েই তিনি ক্যারিয়ারের ইতি টানতে চান।
সম্প্রতি বার্সেলোনা পরিচালক হাভিয়ের ফাউসের সঙ্গে বেশ খানিকটা বিবাদে জড়িয়েছেন মেসি। একই সঙ্গে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইঁও নাকি এক ‘ইতিহাসগড়া’ প্রস্তাব তৈরি করছে তাঁর জন্য। উদ্দেশ্য, আর্জেন্টাইন মহাতারকাকে দলে ভেড়ানো। সম্প্রতি, এসব সংবাদে মেসির বার্সা আনুগত্য নিয়েও কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল সমর্থকদের মধ্যে। কাল গেটাফের বিপক্ষে ম্যাচের পর মেসির দিকেও ছুটে গিয়েছিল এ-সংক্রান্ত প্রশ্ন। উত্তরে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কাতালানিয়ার এই ক্লাবের হয়েই তিনি শেষ করতে চান তাঁর ফুটবল ক্যারিয়ার।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বার্সেলোনাতে থেকে যাওয়া তাঁর ক্যারিয়ার পরিকল্পনারই অংশ হিসেবে জানিয়েছেন তিনি, ‘এটা আমার পরিকল্পনা। বার্সেলোনায় আমি থেকে যেতে চাই। এই ক্লাবের হয়েই আমি ক্যারিয়ার শেষ করতে চাই।’
শনিবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচটি নিয়েই এ মুহূর্তে ভাবছেন মেসি। ম্যাচটাকে এবারের মৌসুমে বার্সেলোনার জন্য মৌসুমের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবেও অভিহিত করেছেন তিনি, ‘আমি ম্যাচটা অবশ্যই খেলতে চাই। খুবই গুরুত্বপূর্ণ এক ম্যাচ। প্রথম থেকেই খেলতে চাই ম্যাচটা। কোচের সঙ্গে এ বিষয়ে আমি কথা বলব। আমি বার্সেলোনাকে নিয়ে সব সময়ই ভাবি।’

মাঠের রাজা মাঠের বাইরে কেমন ছিলেন। ভালো ছিলেন না—এ কথা জোর দিয়েই বলে দেওয়া যায়। কোপা দেল রে-র ম্যাচের পর তাঁর কণ্ঠেও তা প্রতিফলিত, ‘আমি মাঠে ফেরার জন্য উন্মুখ হয়ে ছিলাম। মাঠের বাইরে থাকার সময়টা যথেষ্টই দীর্ঘ ছিল।’

হ্যামস্ট্রিংয়ের চোটটা দারুণ ভোগাচ্ছে এই তারকাকে। সময় নিয়েই সেই চোট সারিয়েছেন তিনি। এ মুহূর্তে নিজেকে সম্পূর্ণ সুস্থ বলেই ঘোষণা এসেছে মেসির তরফ থেকে, ‘আমি এখন সম্পূর্ণ সুস্থ। চোট নিয়ে অনেক দিন কাজ করেছি। অনেক পরিশ্রম করেছি। আমি এখন প্রস্তুত একটা দারুণ বছরের জন্য।’

হ্যাঁ, ২০১৪ সালটা মেসির ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছরই হয়ে উঠতে পারে। বছরের শুরুতে ব্যালন ডি অ’র। এবারও তাঁর নাম রয়েছে সম্ভাব্য বিজয়ীর তালিকায়। পঞ্চমবারের মতো ফিফার বর্ষসেরা পুরস্কারটি হাতে পেলে ইতিহাসে হয়ত অন্য উচ্চতাতেই চলে যাবেন তিনি। দেশের হয়ে বিশ্বকাপটা জেতাও খুবই গুরুত্বপূর্ণ। ওটা পেয়ে গেলে মেসিকে হয়তো সর্বকালের অবিসংবাদিত সেরা হিসেবে মেনে নেবেন সবাই—এমনকি তাঁর ঘোর বিরোধীরাও। সূত্র: ওয়েবসাইট।