মেসি বার্সেলোনারই
সত্যিই কি লিওনেল মেসি বিরক্ত হয়ে উঠেছেন বার্সেলোনায়? ক্লাবের সঙ্গে তাঁর সম্পর্কটা দিন দিন শীতল হয়ে পড়ছে? এখন পর্যন্ত সবই জল্পনা। আর এই জল্পনা যাতে ডালপালা না মেলতে পারে, সে জন্য এগিয়ে এলেন স্বয়ং মেসির বাবা হোর্হে মেসি আর বার্সেলোনা কোচ জেরার্ডো মার্টিনো। মেসি বার্সা ছেড়ে কোথাও যাচ্ছেন না বলে নিশ্চয়তা দিয়েছেন তাঁর বাবা। অন্যদিকে বার্সেলোনারও তাঁকে বিক্রি করার ইচ্ছে নেই বলে জানিয়েছেন কোচ মার্টিনো। ওয়েবসাইট।
মেসি নাকি বেতন বাড়ানোর জন্য বার্সা কর্তৃপক্ষকে চাপ দিচ্ছেন। খবরটা মেসি অস্বীকার করলেও বার্সার সহসভাপতি হাভিয়ের ফস বলেছিলেন, দফায় দফায় বেতন বাড়ানোর ঘোরবিরোধী তিনি। কড়া ভাষায় এর জবাব দিয়ে মেসি বলেছিলেন, ‘ফস ফুটবলের কিছুই বোঝেন না।’ এর পর থেকেই মেসি আর বার্সেলোনায় থাকবেন কি না. এমন জল্পনার শুরু। তবে আর্জেন্টাইন দৈনিক ওলের কাছে হোর্হে বলেছেন, ‘মেসির ভবিষ্যৎ বার্সেলোনাতেই।’ কোচ মার্টিনোও দিয়েছেন সেই নিশ্চয়তা, ‘বার্সা মেসি বিক্রি করতে চায় এ কথা সত্যি নয়।’