মেসি বিক্রির জন্য নয়!
একদিক দিয়ে দেখলে লিওনেল মেসি ক্লাবের জন্য সোনার ডিমপাড়া হাঁস। বার্সেলোনা চাইলে মেসিকে হয়তো ১৫০ মিলিয়ন ইউরোতেও বেচতে পারবে। টাকার বস্তা নিয়ে আরব শেখরা প্রস্তুতই আছেন। এই লোভ থেকে মুখ ফিরিয়ে রাখা ‘করপোরেট’ ক্লাবগুলোর জন্য কঠিন। কিন্তু বার্সা কোনো ব্যক্তিমালিকানাধীন ক্লাব নয়। বার্সার সদস্যরাই ক্লাবটির মালিক। ফলে এখানে আর্থিক লাভের অঙ্কটার চেয়ে মেসির মতো একজন খেলোয়াড়ের উপস্থিতিই বেশি গুরুত্বপূর্ণ। এমন দাবিই করছেন সান্দ্রো রসেল। ফরাসি দৈনিক লেকিপকে দেওয়া সাক্ষাৎকারে বার্সা প্রেসিডেন্ট প্রথমেই পরিষ্কার বলে দিয়েছেন, ‘মেসি বিক্রির জন্য নয়।’ এর পরই বলেছেন, ‘একটি করপোরেট প্রতিষ্ঠান হয়তো ওকে বিক্রি করে দিত। কারণ লাভ খোঁজাই তাদের লক্ষ্য। কিন্তু আমাদের তা নয়।’ এর পরই ধনকুবের ক্লাব মালিকদের খোঁচা দিয়েছেন রসেল। বলেছেন, টাকা ঢেলে চারদিক থেকে ভালো ভালো খেলোয়াড় এনে রাতারাতি একটা দলকে দাঁড় করানো হয়তো সম্ভব, দ্রুত সাফল্যও হয়তো এভাবে আসে। কিন্তু এই সাফল্য দীর্ঘস্থায়ী নয়। ‘এ ধরনের করপোরেট ক্লাবগুলোর সঙ্গে লড়াই করে পেরে ওঠা কঠিন। তবে দীর্ঘ মেয়াদে তারাই টিকে থাকবে, যারা সাফল্য পাবে। এমন একটা সময় আসবে যখন ধনকুবের ক্লাব মালিক টাকা ঢেলে ঢেলে ক্লান্ত হবেন। তখন এই ক্লাবগুলো অস্তিত্বের সংকটে পড়বে।’রসেলের আমলেই বার্সা তাদের দীর্ঘ ইতিহাসে প্রথমবারের মতো জার্সিতে কোনো স্পনসরের লোগো ব্যবহার করেছে। সেটি কাতার ফাউন্ডেশনের মতো অলাভজনক প্রতিষ্ঠান হলেও ভীষণ সমালোচনার মুখে পড়েছিলেন রসেল। এই সাক্ষাৎকারে বার্সা প্রেসিডেন্ট ব্যাখ্যা দিলেন, ‘আমরা ৫০ কোটি ইউরো দেনা মাথায় নিয়ে দায়িত্ব নিয়েছি। কাতার ফাউন্ডেশনের সাহায্যটা না পেলে আমরা কঠিন সমস্যায় পড়ে যেতাম।’ ওয়েবসাইট।