মেসি-বিতর্ক কাটছেই না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোপা আমেরিকায় ধূসর আর্জেন্টিনা দলে অচেনা মেসি। এই মেসি যেন ঠিক বার্সেলোনার মেসি নন। দুর্বল পারফরম্যান্সের সঙ্গে যোগ হয়েছে ‘বুরদিসো’ বিতর্ক। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে মাঠেই নাকি সতীর্থ ডিফেন্ডার নিকোলাস বুরদিসোর সঙ্গে মেসির উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। প্রয়োজনে আক্রমণভাগের খেলোয়াড়দেরও রক্ষণকাজে সাহায্য করতে হয়, আধুনিক ফুটবলের এটাই রীতি। কিন্তু মেসি রক্ষণকাজটা এড়িয়েই চলেন। এ নিয়েই নাকি দুজনের মধ্যে হয় কথা-কাটাকাটি।দুইয়ে মিলে দলের হতাশাজনক পারফরম্যান্সের সমালোচনার ঝড়টা মেসিকেন্দ্রিক। নিজ দেশের সমর্থকেরা শুধু মাঠেই দুয়ো দিচ্ছে না, মাঠের বাইরেও যেভাবে পারছেন সমালোচনার হুল ফোটাচ্ছেন। এতে যোগ দিয়েছেন সাবেক খেলোয়াড়েরা, গণমাধ্যম তো আছেই। তবে কঠিন এই সময়ে কাউকে কাউকে পাশেও পাচ্ছেন বার্সেলোনা তারকা।সতীর্থরা তো আছেই, এবার মেসির পাশে এসে দাঁড়ালেন বাবা এবং বন্ধু। বাবা হোর্সে মেসির বিশ্বাস, ছেলে ঠিকই কঠিন এই সময়টা কাটিয়ে উঠতে পারবে। সংগীতশিল্পী আন্দ্রেস কালামারো তো বন্ধু মেসিকে জাগিয়ে তুলতে একটা কবিতাই লিখে ফেলেছেন।ঘুরে দাঁড়িয়ে সমালোচনা মুছে ফেলতে চাইছে আর্জেন্টিনা দলও। ১২ দলের টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়াটা কঠিন! প্রথম দুই ম্যাচে ড্র করে সেই কঠিন সম্ভাবনাই জাগিয়ে তুলেছে মেসির আর্জেন্টিনা। এ অবস্থায় শঙ্কা মুছে শেষ আটের টিকিট নিশ্চিত করতে আগামী পরশু (ভোরে) কোস্টারিকার সঙ্গে গ্রুপের শেষ ম্যাচে জিততেই হবে। কোচ বাতিস্তার দল সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। এই গ্রুপেই আগামীকাল মুখোমুখি কলম্বিয়া ও বলিভিয়া। সর্বোচ্চ ৪ পয়েন্ট নিয়ে শেষ আটের কাছাকাছি কলম্বিয়া, তবে কলম্বিয়াকে বড় ব্যবধানে হারাতে পারলে বলিভিয়ারও থাকবে সুযোগ।কঠিন এই সময়ে হোর্সে মেসি দাঁড়াচ্ছেন ছেলের পাশে। তাঁর কথা গণমাধ্যম সঠিক দায়িত্ব পালন করছে না, ‘লিও সত্যিই কঠিন সময় পার করছে। মানুষ যা খুশি বলতে পারে। কিন্তু গণমাধ্যম এসব কী বলছে! তারা যেন ঘি ঢালছে আগুনে।’ রেডিও-১০-কে কোস্টারিকার ম্যাচ সম্পর্কে সিনিয়র মেসির কথা, ‘এটা হবে কঠিন ম্যাচ।’ জনপ্রিয় সংগীতশিল্পী বন্ধু কালামারোকে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলা বার্সেলোনার একটা জার্সি উপহার দিয়েছিলেন মেসি। এই কালামারো গান লিখেছেন মেসির উদ্দেশে, ‘আমরা (সমর্থকেরা) তোমার খেলাটা পাচ্ছি না। প্রত্যেকেই দলকে নিয়ে কথা বলছে এবং তোমাকে ক্রুশবিদ্ধ করছে। আমরা তোমার প্রাপ্যটা পাচ্ছি না। তুমি তোমার খেলাটা খেলো, সবকিছু জিততে তুমি যে খেলাটা খেলো।’ মেসির ঘুম কি ভাঙবে? এএফপি।