মেসি বিশ্বকাপ জিতবে: ম্যারাডোনা

গত বিশ্বকাপে মেসি-ম্যারাডোনা জুটি কাজে দেয়নি। মাঠের বাইরে কোচ ডিয়েগো ম্যারাডোনা আর মাঠে প্রাণভোমরা লিওনেল মেসির যাত্রা থেমে গিয়েছিল কোয়ার্টার ফাইনালেই। তবে ম্যারাডোনা এবার আশাবাদী। মেসি ঠিকই জিতবেন বিশ্বকাপ। ২৬ বছর বয়সেই ফর্মের তুঙ্গে থাকা ম্যারাডোনা আর্জেন্টিনাকে জিতিয়েছিলেন বিশ্বকাপ। আগামী বিশ্বকাপে ঠিক ২৬ পেরিয়ে ২৭-এ পা রাখবেন মেসি।
বিশ্বকাপটা ২০১০ সালেই মেসি জিততে পারতেন বলে মনে করেন ম্যারাডোনা। কিন্তু ভাগ্য পাশে ছিল না। মেসির বেশ কয়েকটি শট গোলপোস্টে লেগে ফিরে আসে। সেই বিশ্বকাপে আর্জেন্টিনার কোচের দায়িত্ব পালন করা ম্যারাডোনা বলছেন, ‘২০১০ বিশ্বকাপে মেসির খেলা নিয়ে আমি হতাশ নই। ওই বিশ্বকাপে ও যতগুলো গোলের সুযোগ হাতছাড়া করেছে, সেগুলো গোল হলে আমরা হয়তো চ্যাম্পিয়নই হতাম। ভাগ্য ওর পাশে ছিল না। তবে আমি আশা করি ব্রাজিলে ও ঠিকই এর প্রতিশোধ নেবে।’
এই বিশ্বকাপের পর কোচের পদ থেকে সরে যান ম্যারাডোনা। তাঁর দাবি, নীতির সঙ্গে আপস করেননি বলেই সরে যেতে হয়েছে, ‘ব্ল্যাটার (ফিফা সভাপতি) আর গ্রন্দোনা (আর্জেন্টিনা ফুটবল সংস্থা এএফএর প্রধান) চেয়েছিল আমি যেন তাদের সামনে নত হই। আর্জেন্টিনার কোচের পদে আমি থাকতে পারিনি নীতিতে অটল ছিলাম বলেই।’
এএফএটিকে যে গ্রন্দোনা ‘পারিবারিক সম্পত্তি’ বানিয়ে ফেলেছেন, এ নিয়ে আগেও মুখ খোলা ম্যারাডোনা বলছেন, ‘আর্জেন্টিনা ফুটবলের ভবিষ্যত্ ভালো নয়। কারণ গ্রন্দোনার ছেলে এখন প্রশিক্ষক হয়েছে। আমি বেনজামিনের নামে (ম্যারাডোনার নাতি) শপথ করে বলছি, সে সারা জীবনে ফুটবলে একটা লাথিও কষেনি।’
করসংক্রান্ত ঝামেলা মিটিয়ে আবারও নাপোলির খেলা দেখতে পারছেন ম্যারাডোনা। এই ক্লাবটিকে এক সময় জাদুকরী ছোঁয়ায় বদলে দিয়েছিলেন। ম্যারাডোনা আবারও নাপোলিতে ফিরতে চান কোচ হয়ে, ‘বেনিতেজ চলে যাওয়ার পর আমি নাপোলিতে কোচ হিসেবে কাজ করতে চাই। আসলে কোচিংয়ের ধরনটাই সারা বিশ্বে পাল্টে গেছে। স্পেন থেকে ইংল্যান্ড-রাশিয়া পর্যন্ত। কিন্তু কেউ কেউ আছে যারা আমাকে নিয়ে ভয় পায়। এ কারণেই আমি কোচিং করাচ্ছি না।’
নাপোলির খেলা দেখতেই ম্যারাডোনা এখন ইতালিতে।