মেসি ব্যালন ডি'অর জিতলে পিকেই হাসবেন!
ভোট যত ঘনিয়ে আসছে, ততই যেন শুরু হচ্ছে নির্বাচনী প্রচার! রোনালদো শিবির থেকে ফিফাকে উদ্দেশ করে ক্রমাগত তোপ দাগানো চলছেই। ফিফা মেসির প্রতি পক্ষপাতিত্ব করে—খোলাখুলিই এমন কথা বলেছেন পেপে। এরই মধ্যে মেসিরই সতীর্থ জেরার্ড পিকে বলছেন, মেসি এবার ব্যালন ডি’অর জিতলে তিনি নাকি হাসবেন! কেন, মেসির এবারের ব্যালন ডি’অর জেতা কি হাস্যকর?
আসলে প্রথমে শুনলে সে রকমই মনে হয়। তবে পিকে বলছেন অন্য কথা। এবারও মেসিই এই পুরস্কারের দাবিদার বলে মনে করেন পিকে। মেসি পুরস্কারটারটি পেলে পিকে হাসবেন বটে, তবে সেটি গৌরবের হাসি। তৃপ্তির হাসি এবং সেই হাসি হয়তো মেসি-বিরোধীদের প্রতি উপহাসেরও। সবচেয়ে বড় কথা, একজন খেলোয়াড় টানা পাঁচবার ব্যালন ডি’অর জেতার মতো অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে ফেললে না হেসে উপায় কী!
ইনজুরি সমস্যার কারণে এবার কিছুটা খারাপ সময় কাটাতে হলেও মেসির ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বলেই স্মরণ করিয়ে দিয়েছেন পিকে, ‘লিওকে কখনোই বাতিল করে দেওয়া যায় না। এটা ভোটের মাধ্যমে হয়, অনেকে ভোট দেয়। সে টানা চারবার এই পুরস্কার জিতে পুরো বিশ্বেরই স্বীকৃতি অর্জন করেছে। এবারও যদি সে জেতে, তা হলে আমি অনেক হাসব। আমি লিওর খুব বড় ভক্ত। সেটা আমি সব সময়ই বলেছি। এই বছরেও সে ছিল একই রকম আকর্ষণীয়।’
তবে টানা পঞ্চমবারের মতো বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতাটা সহজ হবে না মেসির জন্য। আর্জেন্টাইন এই তারকা যে সময়টা ইনজুরির সঙ্গে লড়ছিলেন, সেই সময়ে দারুণ পারফরম্যান্স দেখিয়ে লড়াইটা জমিয়ে তুলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। লড়াইয়ে ভালোমতো আছেন ফ্রাঙ্ক রিবেরিও। সতীর্থ মেসিকে সমর্থন দিলেও তাই এই দুজনের ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনাও কোনোভাবে নাকচ করে দিচ্ছেন না পিকে, ‘আমি মোটেও বলছি না যে ক্রিস্টিয়ানো ভালো করেনি। রিবেরির ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য।’
কথার লড়াই যে আরও চলবে, সে ব্যাপারে কোনোই সন্দেহ নেই। শেষ পর্যন্ত কার হাতে উঠবে এবারের ফিফা বর্ষসেরা পুরস্কার সেটা জানার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত।