মেসি ভালদেসের রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবার সামনে লিওনেল মেসি, সবার পেছনে ভিক্টর ভালদেস। এই হলো বার্সেলোনার লাইনআপ। পরশু ‘শুরু’ আর ‘শেষ’ এই দুজনেরই হলো রেকর্ডের রাত। এ নিয়ে টানা আট ম্যাচ গোল না খেয়ে কাটিয়ে দিলেন ভালদেস। ৮৭৭ মিনিট গোল না খেয়ে নতুন ক্লাব রেকর্ড গড়লেন। এর আগে বার্সার হয়ে সর্বোচ্চ ৮২৪ মিনিট ধরে গোল না খাওয়ার রেকর্ডটি ছিল লিভারপুল গোলরক্ষক পেপে রেইনার বাবা মিগুয়েল রেইনার।ওদিকে বার্সেলোনায় পেপ গার্দিওলার ২০০তম ম্যাচে মেসিও বার্সার জার্সি গায়ে পেয়ে গেলেন তাঁর ২০০তম গোল। টানা দ্বিতীয় হ্যাটট্রিকে কাতালান ক্লাবটির হয়ে মেসির গোলসংখ্যা গিয়ে পৌঁছাল ২০২। বার্সেলোনার ইতিহাসে ২০০ গোল পাওয়া মাত্র দ্বিতীয় ফুটবলার মেসি। কদিন আগে লাজলো কুবালাকে ছাপিয়ে বার্সার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়ে যাওয়া মেসির সামনে রইলেন শুধু সিজার রদ্রিগেজ। যে গতিতে এগোচ্ছেন, তাতে মেসি হয়তো রদ্রিগেজের ২৩৫ গোলের রেকর্ড ভেঙে দেবেন এই মৌসুমেই! কিন্তু এ প্রশ্ন উঠতেই মেসি বিনয়ের সঙ্গে জানিয়ে দিলেন, ‘রেকর্ডের দিকে না তাকিয়ে আমি এভাবেই খেলে যেতে চাই, গোল করে জেতাতে চাই দলকে যাতে সবাই মিলে আরও বড় কিছু অর্জন করতে পারি।’মেসি-ভালদেসের রাতে ভিক্টোরিয়া প্লজেনকে তাদের মাঠে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে বার্সা। এসি মিলানকে ১-১ গোলে আটকে দিলেও ইতালির ক্লাবটির পরের রাউন্ডে যাওয়া আটকাতে পারেনি বাতে বরিসভ। দুই ফেবারিট শেষ ষোলো নিশ্চিত করলেও অপেক্ষায় থাকতে হচ্ছে ইংল্যান্ডের দুই বড় দল চেলসি ও আর্সেনালকে। পরশু এই দুই দলই ড্র নিয়ে ছেড়েছে মাঠ।তবে মেসি বা ভালদেসের পাশে পরশু রাতের আলোচনার কেন্দ্রে ভ্যালেন্সিয়ার হোনাসও। ম্যাচ শুরু হওয়ার মাত্র ১২ সেকেন্ডের মধ্যেই গোল করেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে যেটি দ্বিতীয় দ্রুততম গোল। এর চেয়ে কম সময়ে গোল করেছিলেন বায়ার্ন মিউনিখের রয় ম্যাকাই, ২০০৭ সালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। এই গোলে উজ্জীবিত ভ্যালেন্সিয়া ৩-১ গোলে বায়ার লেভারকুসেনকে হারিয়ে বাঁচিয়ে রেখেছে পরের রাউন্ডে যাওয়ার আশা।ব্যক্তি হিসেবে আলোচনায় যেমন হোনাস, দল হিসেবে অ্যাপোয়েল নিকোসিয়া। পোর্তোকে ২-১ গোলে হারিয়ে সাইপ্রাসের ক্লাবটি ‘জি’ গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি আরও মজবুত করেছে। শেষ দুই ম্যাচের একটিতে জয় পেলেই দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে তারা।হোনাস যেখানে ১২ সেকেন্ডেই গোল পেয়েছেন, মেসিকে কিন্তু প্রথম গোলটি পেতে অপেক্ষা করতে হয়েছে ২৪ মিনিট পর্যন্ত। মেসির পেনাল্টি শট নিয়ে কিছুদিন ধরে সমালোচনা হচ্ছিল বলেই কিনা ফুটবল-দেবতা তাঁকে দিয়ে টানা দ্বিতীয় ম্যাচে পেনাল্টি থেকে গোল করালেন। প্রথমার্ধের শেষ প্রান্তে দ্বিতীয় আর ম্যাচেরই শেষ প্রান্তে তৃতীয় গোলটি করে বার্সায় ১৪তম হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। মাঝখানে বার্সার অন্য গোলটি করেছেন সেস ফ্যাব্রিগাস।লিগে আগের ম্যাচে চেলসিকে ৫-৩ গোলে হারানো আর্সেনাল এদিন তাঁদের জয়ের আসল নায়ক রবিন ফন পার্সিকে ছাড়াই খেলতে নেমেছিল। পুরো ম্যাচে ফন পার্সির অনুপস্থিতি ভুগতে থাকা আর্সেনালকে তাদের মাঠে আটকে দিয়েছে মার্শেই। আর ডেভিড লুইজের পেনাল্টি মিসের ধাক্কা শেষ পর্যন্ত সামলে উঠতে না-পারা চেলসি পুঁচকে গেঙ্কের সঙ্গে করেছে ১-১ ড্র। ২৫ মিনিটে চেলসিকে এগিয়ে দেওয়া গোলটি করেন রামিরেস। ৩৯ মিনিটে ব্যবধান ২-০ করার সুযোগ পেয়েছিলেন লুইজ। সেই সুযোগ হাতছাড়া হওয়ায় গেঙ্ককে সমতায় ফেরান জেলে ভোসেন, ৬১ মিনিটে। এএফপি, রয়টার্স।