মেসি-ম্যারাডোনা এত মিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যারাডোনা ও মেসি
ম্যারাডোনা ও মেসি

সেই গেটাফে, সেই কোপা ডেল রে। মাঠে ফিরে সেই লিওনেল মেসিও! এত দিন পর মাঠে ফিরেই দুই মিনিটের ব্যবধানে করলেন দুটো গোল! এর মধ্যে পরশু যোগ করা সময়ে নিজের যে দ্বিতীয় গোলটি করলেন, সেই গোলটি চকিতের জন্য মেসি-ভক্তদের মনে ভাসিয়ে দিতে পারে ২০০৭ সালে কোপা ডেল রেতে এই গেটাফের বিপক্ষেই করা মেসির একটি গোলের কথা। যে গোলটি প্রথম বুঝিয়েছিল মেসি কেন সত্যি সত্যিই ‘নতুন ম্যারাডোনা’।

মেসির আগে এবং পরে উঠতি অনেক ফুটবলারের কপালে ‘নতুন ম্যারাডোনা’র তকমা সেঁটে গিয়েছিলেন। তবে মেসিই যে একমাত্র যোগ্য উত্তরাধিকার, সেটাই তিনি প্রমাণ করে দিলেন ২০০৭ সালের ১৮ এপ্রিল। ছয় খেলোয়াড়কে কাটিয়ে যখন গোল করলেন মেসি।

পরিস্থিতি, সময়, গুরুত্ব ও মর্যাদা বিবেচনায় ১৯৮৬-র বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যারাডোনার করা ‘গোল অব দ্য সেঞ্চুরি’র সঙ্গে ২০০৭ সালের কোপা ডেল রের সেমিফাইনালের প্রথম লেগের গোলটির হয়তো কোনো তুলনাই চলে না। কিন্তু মেসির ক্যারিয়ারের অন্যতম সেরা সেই গোলটি আশ্চর্যজনকভাবে স্মরণ করিয়ে দেয় ম্যারাডোনার করা ফুটবল ইতিহাসের শতাব্দী-সেরা গোলটির কথাই।

মেসিও সেদিন নিজেদের অর্ধে বল পেয়ে গেটাফের পাঁচজন খেলোয়াড়কে পরাস্ত করে ডি-বক্সের একেবারে ভেতরে চলে যান। এগিয়ে আসা গোলরক্ষককে বোকা বানিয়ে প্রাণপণ চেষ্টা করা রক্ষণের শেষ বাধাটিও আলতো চিপে পার করে সম্পন্ন করেন এক অসাধারণ গোল।

ম্যারাডোনা এবং মেসির গোল দুটির ভিডিও পাশাপাশি দেখলে চমকেই যেতে হয়। এত অস্বাভাবিক মিল দুটো গোলের মধ্যে। এমনকি শেষ মুহূর্তে গোলরক্ষকে বোকা বানানো, কিংবা বল জালে ঠেলে দিয়েই মাঠের সবুজ জমিনে স্লাইডিং—একেবারে হুবহু মিল। শুধু কি তা-ই? গোলের পর ম্যারাডোনা যেভাবে উদযাপন করেছিলেন, মেসির উদযাপনের সঙ্গে তার মিল আছে অনেকটাই।

আরও কাকতালীয় ব্যাপার কি জানেন? ১৯৮৪ সালের ৮ জানুয়ারি ম্যারাডোনাও চোটের কারণে দীর্ঘ দিন বাইরে থেকে ফিরেছিলেন বার্সেলোনা দলে। বছরের প্রথম ম্যাচে বার্সা মুখোমুখি হয়েছিল সেভিয়ার। আর দলে ফিরেই ম্যারাডোনা করেছিলেন দুই গোল!

৮ জানুয়ারি ১৯৮৪, আর ৮ জানুয়ারি ২০১৪! কী অদ্ভুত মিল!

দুজনের গোলের মিল নিয়ে তৈরি প্রায় ১ কোটি ৪০ লাখ বার দেখা ভিডিওটি দেখুন: