মেসি ম্যারাডোনার চেয়ে জনপ্রিয়: বিলার্দো

আর্জেন্টিনায় জনপ্রিয়তার দিক দিয়ে মেসি ম্যারাডোনাকেও ছাড়িয়ে গেছেন—ব্যাপারটা চোখে পড়েছে কার্লোস বিলার্দোর। ছিয়াশি সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই কোচ বেশ অবাকই হন মেসির জনপ্রিয়তা দেখে। এই জনপ্রিয়তা, তাঁর মতে মেসিকে অন্য উচ্চতায় নিয়ে যাবে বলেই অভিমত তাঁর।
সরাসরি কোচিংয়ের সঙ্গে যুক্ত না থাকলেও আর্জেন্টিনার সর্বজন শ্রদ্ধেয় এই ফুটবল ব্যক্তিত্ব জড়িয়ে আছেন ফুটবলের সঙ্গেই। দেশটির ফুটবলের উদীয়মান খেলোয়াড়দের নিয়েই তাঁর কাজ। কাজের কারণে প্রায়ই আর্জেন্টিনার আনাচ-কানাচে সফরে যেতে হয় তাঁকে। এসব সফরে গিয়েই মূলত মেসির জনপ্রিয়তাটা অনুধাবন করেছেন তিনি। পুরোনো দিনগুলোতে ফিরে গিয়ে তাঁর অভিমত, ছিয়াশির বিশ্বকাপের আগেও ম্যারাডোনা মেসির মতো অত জনপ্রিয় ছিলেন না।
মেসি সম্পর্কে দুই-একটা মন্তব্যেও তিনি প্রকাশ করেছেন দুর্বলতা, ‘সবাই বলছে মেসি ভালো ফর্মে নেই। যে খেলোয়াড়টি ৪৪ ম্যাচে ৪১টি গোল করতে পারে। যে গোলের জন্য পুরো মৌসুমে ১৪টি নিশ্চিত বল বানিয়ে দিতে পারে, সে ফর্মে নেই—একথা আমি বিশ্বাস করি না।’
বিশ্বকাপে মেসিকে নিয়ে আর্জেন্টিনার জনগণ আশায় বুক বাঁধছে—এই ব্যাপারটি খুব গভীরভাবেই বুঝতে পেরেছেন বিলার্দো। ছিয়াশির স্মৃতিচারণ করে তাঁর মন্তব্য, ‘সেবার বিশ্বকাপের আগে ম্যারাডোনাকে নিয়ে এত আলোচনা ছিল না।’
মেসি ও ম্যারাডোনাকে দুই প্রজন্মের দুই সেরা তারকা হিসেবেই অভিহিত করেছেন বিলার্দো। তবে তাদের মধ্যে কোনো তুলনা টানেননি। তবে একটা সূক্ষ্ম পার্থক্য ঠিকই টেনেছেন, ‘মেসি ভালো খেললেই যে দল জিতছে, এমনটা কিন্তু অবধারিত কিছু নয়। কিন্তু ডিয়োগো (ম্যারাডোনা) ভালো খেললেই দল জিততো। সেটা আন্তর্জাতিক পর্যায়ে হোক কিংবা ক্লাব।’
বিলার্দো তাঁর পুরোনো শিষ্যকে পিছিয়ে রাখেন কীভাবে!