মেসি-যুগে ক্যানিজিয়ার ভিন্নমত
৫১ ম্যাচে ৩৮। ৫৩ ম্যাচে ৪৭। ৫৫ ম্যাচে ৫৩। প্রতি মৌসুমে নিজেকেই ছাড়িয়ে যাওয়া মেসি এই মৌসুমে ৪২ ম্যাচে ৪৮ গোল করে ফেলেছেন। গোলবর্ষণের যে পূর্বাভাস, তাতে ক্লাবের হয়ে এক মৌসুমে ৬০ গোল করার কীর্তিটাও এবার ছুঁয়ে ফেলবেন। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিনবার ফিফা বর্ষসেরা। হাতছানি দিচ্ছে টানা চতুর্থবারের! সবকিছুরই সারাংশ টেনে আলেসান্দ্রো সাবেলা বলছেন, সময়টা এখন লিওনেল মেসির!ক্লাব-জাতীয় দলের হয়ে গত চার ম্যাচে দুটি হ্যাটট্রিকসহ ১৩ গোল করা মেসিকে নিয়ে স্তুতির বানে আর্জেন্টিনা কোচ বাদ থাকবেন কেন! সাবেলা বলেছেন, ‘মেসির সেই ক্ষমতা আছে বলেই ওর সুযোগও দরকার হয় না, সুযোগ সেই তৈরি করে নেয়। ওর জন্য আমাদের নতুন একটা বিশেষণ তৈরির করার সময় এসে গেছে।’নিজেকে কিংবদন্তির স্তরে নিয়ে যেতে মেসিকে বিশ্বকাপ জিততেই হবে—এই শর্তটা এখন জরুরিও মনে হচ্ছে না কোচের, ‘বিশ্বের সেরা হতে ওকে বিশ্বকাপ জিততেই হবে, এটাকে আমি অতটা জরুরি মনে করছি না। ও যা করছে সেটাই তো অভূতপূর্ব। ওর সঙ্গে কারও তুলনা চলে না।’তার পরও এসে যাচ্ছে পেলে, ম্যারাডোনা, ডি স্টেফানোদের নাম। তবে সাবেলার ব্যাখ্যাটি অন্য রকম, ‘একেকটা সময় ছিল একেকজনের যুগ। ডি স্টেফানোর যুগ এসেছিল, এসেছিল পেলে-ম্যারাডোনার যুগ। এখন মেসির যুগ। এটা মেসিরই রাজত্ব।’তাঁর মতো এমন একটা সম্পদকে ঠিকমতো ব্যবহার করতে পারেননি হোসে পেকারম্যান, ম্যারাডোনা কিংবা সার্জিও বাতিস্তা। সেই ভুল থেকেই শিক্ষা নিতে চান সাবেলা, ‘জাতীয় দলে আমাদের নিশ্চিত করতে হবে মেসির কাছে যেন যথেষ্ট বল পৌঁছায়, ওর জন্য অনেক পথ তৈরি করে দিতে হবে। বাকিদেরও দলটাকে এগিয়ে নিতে হবে। কাজটা কঠিন, কিন্তু এটাই একমাত্র পথ।’তবে সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড ক্লদিও ক্যানিজিয়া কিন্তু মেসির প্রশংসায় গদগদ নন। জাতীয় দলের হয়ে ৬৭ ম্যাচে তাঁর ২২ গোল—এই পরিসংখ্যানেই বোঝা যায় দুই জার্সিতে মেসির দুই রকম ছবি। ক্যানিজিয়া বলছেন, ‘ও গ্রেট খেলোয়াড়। কিন্তু জাতীয় দলেও একই ফর্মে ধারাবাহিকভাবে খেলতে হবে। সম্ভবত সর্বকালের সেরা চার খেলোয়াড়দের একজন সে, কিন্তু বার্সেলোনা-আর্জেন্টিনা দুই জার্সিতেই তাকে সফল হতে হবে।’ ওয়েবসাইট।