মেসি যে নেতা নন
‘নতুন ম্যারাডোনা’ ‘নতুন ম্যারাডোনা’ শুনতে শুনতে লিওনেল মেসি নাকি হাঁপিয়ে উঠেছেন। এবার নতুন কথা শোনালেন মেসিরই সতীর্থ মার্টিন পালেরমো। বোকা জুনিয়র্সের এই স্ট্রাইকার জানিয়ে দিলেন, মেসি মোটেও ম্যারাডোনা নন! সেটি তাঁর পক্ষে হওয়া সম্ভবও নয়।‘মেসি ম্যারাডোনা নয়। আমার মতে, ম্যারাডোনার যে মানসিক দৃঢ়তা ছিল, সেটি মেসির নেই। দলের ভার কাঁধে বয়ে নেওয়ার জন্য ও প্রস্তুত নয়, দলের নেতা হওয়ারও যোগ্য হয়ে ওঠেনি’—আর্জেন্টাইন এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন পালেরমো।গত বিশ্বকাপে সবাই আশা করেছিল, মেসি ম্যারাডোনা হয়ে উঠবেন। খোদ ম্যারাডোনাই এই বার্সেলোনা তারকাকে ঘিরে বুনেছিলেন এমন স্বপ্ন। মেসি বিশ্বকাপে দারুণ খেলেছেন। গোলের দেখা না পেলেও দলের সিংহভাগ গোলের কারিগর ছিলেন। কিন্তু ম্যারাডোনার মতো একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কোনো কীর্তি দেখাতে পারেননি। শেষ হিসাবে মেসি তাই হতাশই করেছেন। অথচ এক ম্যাচে ম্যারাডোনা অধিনায়কের বাহুবন্ধনীও পরিয়ে দিয়েছিলেন এই খুদে জাদুকরের হাতেই।মেসি ম্যারাডোনা হতে পারবেন না, এটি কদিন আগে হুয়ান সেবাস্তিয়ান ভেরনও বলেছেন। এবার বললেন পালেরমো। ভেরনের মতো পালেরমোও কিন্তু এর জন্য মেসিকে দোষ দিচ্ছেন না। দুজনেরই এক মত, মেসিকে আসলে খেলতে হবে মেসির মতোই। পালেরমো যেমন বললেন, ‘আসলে লিওর পক্ষে নেতা হয়ে ওঠা সম্ভব নয়। কারণ, ও বেড়ে উঠেছে বার্সেলোনার একটা পদ্ধতির ভেতর দিয়ে। লিওর বেড়ে ওঠা, অর্জিত অভিজ্ঞতা একেবারই আলাদা। বার্সেলোনায় সে ১২ বছর বয়স থেকে থাকে। আর ওই বয়সে ডিয়েগো কেমন সংগ্রামের ভেতর দিয়ে বেড়ে উঠেছেন, সেটি তো সবার জানা।’যে মেসিকে ঘিরে ম্যারাডোনার এত স্বপ্ন-সাধ ছিল, সেই মেসিই কদিন আগে মন্তব্য করেছেন, কোচ হিসেবে সার্জিও বাতিস্তাকেই তিনি চান। মেসির মতো দলের প্রভাবশালী তারকার এমন মন্তব্য আর্জেন্টিনা কোচ হিসেবে ম্যারাডোনার সম্ভাবনাটাকে শেষ করে ফেলেছে বলে মনে করেন অনেকে। ম্যারাডোনার অন্ধভক্ত পালেরমোও জানালেন, তিনি এমন মন্তব্যে ব্যথিত, ‘প্রথমত আমি এই কথাটাকে খুব একটা গুরুত্ব দিতে চাইনি। আসলে মেসির সঙ্গে আমাদের দারুণ কিছু মুহূর্ত আছে। ডিয়েগোর সঙ্গে ওর সম্পর্কটা তো বিশেষ কিছু। ওর এমন মন্তব্য ফুটবলীয় দিক দিয়ে নয়, বরং মানবীয় দিক দিয়ে অবশ্যই আঘাত করার মতো। ডিয়েগো ওকে নিজের ছেলের মতোই ভালোবাসে।’ ওয়েবসাইট।