মেসি-রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের আগেই সবচেয়ে বড় চমক—লিওনেল মেসি বেঞ্চে! বিরতির সময় দর্শকেরা একরকম নিশ্চিত, নিষ্ফলা প্রথমার্ধের পর এবার তো মেসিকে নামাবেনই কোচ। মেসি তখনো বেঞ্চে! ৬০ মিনিটে খেলোয়াড় বদলানোর একটা চল আছে। মেসি তখনো বেঞ্চে। ৭০-৮০-৯০...মিনিটের কাঁটা টিকটিক করে এগিয়ে যায়, নাহ্ মেসি আর নামলেনই না। কেন? ফুটবল বিশ্বজুড়েই এই জিজ্ঞাসা। কী হয়েছিল মেসির? আবারও কি চোট পেয়েছিলেন? খেলার জন্য পুরো ফিট ছিলেন না? কোচ টিটো ভিলানোভা রহস্যের সমাধান করার বদলে বরং সেটি উসকেই দিলেন, মেসির মোটেও ইনজুরি-টিনজুরি কিছু ছিল না। মেসি ‘ভালো’ বোধ করছিলেন না বলেই নামানো হয়নি তাঁকে। তা ছাড়া গোলশূন্য প্রথমার্ধের পরই ম্যাচের ফলাফলের ব্যাপারে নিশ্চিত হয়ে গিয়েছিলেন বলেই মেসিকে নামানোর ‘ঝুঁকি’ নেননি।গত শনিবার বদলি হিসেবে হলেও লিগে মেসি খেলেছেন। কিন্তু চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে খেলানো হলো না কেন সেই ব্যাখ্যায় ভিলানোভা বলেছেন, ‘মেসির কোনো ইনজুরি ছিল না। কিন্তু ও আসলে ভালো বোধ করছিল না। আর আমার মনে হয়েছে, ওর ওই অবস্থায় সে দলকে সাহায্য করতে পারত না। বিলবাওয়ের বিপক্ষে ও খেলেছে, কারণ সে তখন অনেক ভালো অবস্থায় ছিল। কিন্তু ওই ম্যাচটার শেষে ওর কেমন যেন লেগেছে। তার পরও ম্যাচের শেষ দিকে আমরা লিওকে খেলানোর ঝুঁকি নিতাম, যদি আমাদের ফাইনালে যাওয়ার কোনো সম্ভাবনা থাকত।’এমন নয় মেসি থাকলে বার্সা জিতত, এই নিশ্চয়তা কেউ দিচ্ছে। তবে তাঁকে একেবারেই না খেলানোটা আগে থেকে ম্যাচে পরাজয় মেনে নেওয়া কি না, এই প্রশ্ন উঠছে। বিশেষ করে মেসির অনুপস্থিতিতে দলের বাকি খেলোয়াড়দের শরীরী ভাষার মধ্যেও একটা নুয়ে পড়ার ভাব স্পষ্টতই দেখা গেছে। ভিলানোভা অবশ্য নিজের যুক্তির আয়নার পরিষ্কার। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল খেয়ে যাওয়ার পরই বার্সার সব আশা শেষ হয়ে গেছে। এ কারণে মেসিকে নামানোর কথা আর ভাবেনইনি, ‘মেসি এমন ধরনের খেলোয়াড়, যে নিজের সবটুকু উজাড় করে দিয়ে খেলে। ওকে নামালে ওই অবস্থাতেও সে ঝাঁপিয়ে পড়ত, তাতে হয়তো হ্যামস্ট্রিংয়ে আবার চোট দেখা দিত।’ পারলে মেসিকে ছাড়াও দল পারবে—এই বিশ্বাসও নাকি ছিল ভিলানোভার, ‘এত বছর আমরা যখন লিওকে ছাড়া খেলেছি, তখন কম ব্যবধানে জিতেছি। কিন্তু এবার ওকে ছাড়া খেলেই লিগে ৫-০, ৩-০ গোলে জিতেছি।’ এএফপি, রয়টার্স।