মেসি-রোনালদো এখনই সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসি, রোনালদো
মেসি, রোনালদো

একজন ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। আর পরিসংখ্যান বলে, সেরা কোচের তালিকা করলে রাখতে হবে অন্যজনকে। উদ্ভট কথা আর কাজে সংবাদমাধ্যমের শিরোনাম হয়ে ওঠায় জুড়ি নেই দুজনেরই। ডিয়েগো ম্যারাডোনা আর হোসে মরিনহো—সবকিছু ছাপিয়ে ফুটবলের ‘চরিত্র’ হয়ে ওঠা এই দুজন মিলে গেলেন আরেকটা জায়গাতেও। মাত্র কিছুদিন আগেই ম্যারাডোনা বলেছিলেন, সর্বকালের অন্যতম সেরা হতে লিওনেল মেসির বিশ্বকাপ জিততে হবে এমন কোনো কথা নেই। এবার তাঁর সঙ্গে সুর মেলালেন মরিনহোও। তিনি অবশ্য শুধু মেসি নন, যোগ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর নামটাও।
বিশ্বকাপ যদি তাঁরা না-ও জিততে পারেন, তবু এই দুজন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হয়েই থাকবেন বলে মনে করেন চেলসি কোচ, ‘মেসি সেরা। আমার মনে হয় না আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতে তাঁকে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে হবে। রোনালদোও সেরা। আমি মনে করি না পর্তুগালকে চ্যাম্পিয়ন করে তাঁকেও সেই প্রমাণ দিতে হবে।’ তবে বিশ্বকাপ জয় যে শ্রেষ্ঠত্বের পাশে বিশেষ মাহাত্ম্য যোগ করে সেটা অস্বীকার করেন না মরিনহো, ‘সবকিছুরই একটা কিন্তু আছে। ম্যারাডোনা বিশ্বকাপ জিতেছেন, জিদান জিতেছেন। ব্রাজিলের রোনালদো, রিভালদোও জিতেছেন। আরও অনেক কিংবদন্তি ফুটবলারও বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন। সুতরাং সবাই চায় মেসি-রোনালদোও এটা জিতুক।’
নিজে যেটা ভাবেন সেটা বলতে রাখঢাক নেই মরিনহোর। শিক্ষকের এই ‘গুণ’টা হয়তো ইতিমধ্যেই আয়ত্ত করে ফেলেছেন তাঁর এখনকার ছাত্র এডেন হ্যাজার্ড। চেলসির বেলজিয়ান উইঙ্গারের ধারণা তিনি একসময় ছাড়িয়ে যাবেন মেসি-রোনালদোকেও। সে জন্য তাঁকে কতটা পরিশ্রম করতে হবে সেটাও জানেন হ্যাজার্ড, ‘আমি চাই বিশ্বসেরা হতে। এখন ওদের সঙ্গে আমার কিছুটা ব্যবধান আছে। এই ব্যবধান দূর করতে হলে কী করতে হবে? গোল করতে হবে, আরও ভালো পাস দিতে হবে, সবাইকে ছাড়িয়ে যেতে হবে। আমি এখন যা করছি তার চেয়ে দ্বিগুণ ভালো করতে হবে।’ ওয়েবসাইট।