মেসি-রোনালদো এখানেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফা ব্যালন ডি’অরের তিনজনের সংক্ষিপ্ত তালিকায় থাকা মেসি ও রোনালদো এখানে থাকবেন না, সেটা হয় নাকি? বিশ্বের সেরা দুই খেলোয়াড় অবধারিতভাবেই আছেন ফিফা ফিফপ্রো বর্ষসেরা একাদশের প্রাথমিক তালিকায়। আগামী ১৩ জানুয়ারি ফিফা ব্যালন ডি’অর পুরস্কারের দিনই ঘোষণা করা হবে ফিফা ফিফপ্রো বর্ষসেরা একাদশ। এই নির্বাচনের ফরোয়ার্ড ক্যাটাগরির প্রাথমিক তালিকায় আছেন ১৫ জন। যাঁদের মাত্র তিনজনই জায়গা পাবেন একাদশে।
এতে অবশ্য স্প্যানিশ লিগ ও ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা আক্রমণভাগের খেলোয়াড়দেরই প্রাধান্য। বর্তমানে লা লিগা ও প্রিমিয়ার লিগে খেলা খেলোয়াড় আছেন চারজন করে। মেসি-রোনালদো ছাড়া লা লিগার অন্য দুই প্রতিনিধি বার্সেলোনার নেইমার ও অ্যাটলেটিকো মাদ্রিদের ডিয়েগো কস্তা। ইংলিশ প্রিমিয়ার লিগের চার খেলোয়াড় হলেন লুইস সুয়ারেজ, রবিন ফন পার্সি, ওয়েইন রুনি ও সার্জিও আগুয়েরো। এ ছাড়া ফ্রেঞ্চ লিগ ওয়ানের তিনজন—জ্লাতান ইব্রাহিমোভিচ, এডিনসন কাভানি ও রাদামেল ফ্যালকাও। জার্মান বুন্দেসলিগার দুজন—বায়ার্ন মিউনিখের মারিও মানজুকিচ ও বরুসিয়া ডর্টমুন্ডের রবার্ট লেভানডভস্কি। ইতালিয়ান সিরি ‘আ’র একমাত্র প্রতিনিধি এসি মিলানের মারিও বালোতেল্লি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের বাইরে থেকে জায়গা পেয়েছেন একজনই—তুরস্কের গ্যালাতাসারাইয়ের দিদিয়ের দ্রগবা।
সংক্ষিপ্ত তালিকায় থাকা পাঁচ গোলরক্ষকের নাম জানা গেছে আগেই। ডিফেন্ডার-মিডফিল্ডার মিলিয়ে খুব শিগগিরই হয়তো প্রকাশ করা হবে ৫৫ জনের পূর্ণাঙ্গ প্রাথমিক তালিকাও। ওয়েবসাইট।