মেসি-রোনালদো-নেইমার, কার প্রিয় গান কোনটি?

মন খারাপের সময় আপনার সঙ্গে থাকে। মন ভালো যখন, তখনো। খুশিতে ধেই ধেই নাচার সময় আপনার সঙ্গী হয়। কিংবা গভীর ধ্যানমগ্ন হয়ে থাকার সময়েও। গানই সম্ভবত মানুষের সবচেয়ে কাছের সঙ্গী। গান ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার।
ফুটবলাররাও গান ভালোবাসেন বৈকি। অবসরে কিংবা খেলার আগে মনটা ফুরফুরে করে নিতে কিংবা অনুপ্রেরণা নিতে অনেকেই গান শোনেন। প্রায়ই দেখা যায়, ম্যাচের আগে টিম বাস থেকে নামার সময় ফুটবলারদের কানে শোভা পাচ্ছে হেডফোন। কিন্তু কার প্রিয় গান কোনটি? আসুন, খোঁজ নেওয়া যাক।
ক্রিস্টিয়ানো রোনালদো একটু রোমান্টিক ঘরানার গান শুনতেই পছন্দ করেন। তাঁর পছন্দের শিল্পীর তালিকায় রয়েছেন ফিল কলিন্স, স্যাক্রিফাইসখ্যাত এলটন জন। মাঝেমধ্যে পপশিল্পী অ্যালিসিয়া কিসের গানও শোনেন। বিখ্যাত ডিজে, সুইডিশ হাউস মাফিয়া আর এরিক প্রিেজর গানও থাকে তাঁর প্লে লিস্টে।
লিওনেল মেসি লাতিন সুরের মূর্ছনায় বিভোর হতেই পছন্দ করেন। কাম্বিয়া নামে এক অদ্ভুত কিন্তু জনপ্রিয় ধরনের কলম্বিয়ান গান বেশি শুনে থাকেন। এ ধরনের গানের একজন বিখ্যাত শিল্পি সার্জিও তোরেসকেই তাঁর সবচেয়ে বেশি পছন্দ। ২০০৬ সালে প্রিয় গায়কের সঙ্গে প্রথম পরিচয়ের পর থেকেই মেসির খুব কাছের বন্ধুও এখন তোরেস। তোরেসও বন্ধু লিওকে নিয়ে ‘দ্য এইটথ ওয়ান্ডার’ নামে একটি আস্ত গানই লিখে ফেলেছেন।
নিজের দেশের গানে ও সুরে বুঁদ হয়ে থাকতেই ভালোবাসেন ব্রাজিলিয়ান নাম্বার ১০, নেইমার। ‘এই সে উ তে পেগো’ গানের তালে তাঁকে অনেকবার নাচতে দেখা গেছে। লুয়ান সান্টানার ‘টটে এস পেরান্দো’ তাঁর অসম্ভব ভালো লাগার একটি গান।
ইংলিশ স্ট্রাইকার ওয়েইন রুনি গানের ক্ষেত্রে সর্বভূক। তবে তা অবশ্যই ভালো গান হতে হবে। তাঁর পছন্দের তালিকায় রয়েছে আর্কটিক মাঙ্কি, ক্যাট স্টিভেন্স, এড শিরান, ব্রুনো মার্স, জেমস ব্লান্ট। স্টেরিওফনিক্সের ‘জাস্ট এনাফ এডুকেশন টু পারফর্ম’ রুনির সবচেয়ে প্রিয় অ্যালবাম।
স্পেনের মাঝমাঠের অন্যতম কান্ডারি আন্দ্রেস ইনিয়েস্তা ইংলিশ অলটারনেটিভ রক ব্যান্ড কাসাবিয়ানের এত বড় একজন ভক্ত যে, একবার নিজে বার্সেলোনার এক পার্টিতে দলটিকে আমন্ত্রণও জানিয়েছিলেন। কাসাবিয়ানের ‘ক্লাব ফুট’ শুনে ইনিয়েস্তা অনুপ্রেরণা নিয়ে থাকেন।
এ ছাড়া জার্মান ইন্টারন্যাশনাল মেসুত ওজিল ফ্লো-রিডার হুইসেল গানটি ভালোবাসেন। তাঁর জার্মান সতীর্থ মারিও গোয়েটসের ভালো লাগে হালের সেনসেশন জাস্টিন বিবারকে।
মেসিকে নিয়ে বাঁধা গানটি শুনুন: